দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মধ্যপ্রাচ্যে প্রায় নয় মাস ধরে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের জীবনযাত্রা ও মানসিক স্বাস্থ্য নিয়ে পরিবারের উদ্বেগের কথা উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং তাঁর দাবি, রণতরিটির দীর্ঘ সময়ের মোতায়েনও যথেষ্ট দীর্ঘ হয়নি।
শুক্রবার জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, লিংকনে থাকা নাবিকদের স্বজনদের উদ্বেগের বিষয়ে তিনি একমত নন। রণতরিটি শিগগিরই মধ্যপ্রাচ্য থেকে সরে যাবে এবং এর পরিবর্তে একই ধরনের আরেকটি রণতরি দায়িত্ব নেবে বলেও জানান তিনি।
লিংকনের প্রায় সাড়ে আট মাসের মোতায়েনকে বেশি দীর্ঘ মনে করেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, না, না, না। এটা যথেষ্ট দীর্ঘ হয়নি। এরপর আর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তিনি এয়ার ফোর্স ওয়ানে উঠতে চলে যান।
ট্রাম্পের এই মন্তব্যের আগে লিংকনে থাকা নাবিকদের পরিবারের পক্ষ থেকে রণতরিটির জীবনযাত্রার অবনতি ও নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বিষয়টি নিয়ে কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা প্রশাসনের কাছে জবাবও চেয়েছেন।
গত বছরের নভেম্বরে সান দিয়েগোর নিজ ঘাঁটি থেকে যাত্রা শুরু করার পর লিংকনকে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে সহায়তার জন্য মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। রণতরিটিতে প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন রয়েছে। মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেনথালের তথ্য অনুযায়ী, রণতরিটি ২০০ দিনেরও বেশি সময় কোনো বন্দরে থামেনি, যা আধুনিক সময়ে টানা সমুদ্রে থাকার নতুন রেকর্ড।
লিংকনকে সরিয়ে নিতে ইউএসএস জর্জ ওয়াশিংটন রণতরি গোষ্ঠী মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, লিংকনের জায়গায় জর্জ ওয়াশিংটনের মোতায়েন আগে থেকেই পরিকল্পনায় ছিল। তবে সেটি ঠিক কবে দায়িত্ব নেবে, তা এখনও স্পষ্ট নয়।
এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ লিংকনের পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে পুরোপুরি ভুলভাবে উপস্থাপিত বলে দাবি করেন। তিনি বলেন, প্রতিটি জাহাজ, ক্রু ও ক্যাপ্টেনকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।
হেগসেথ আরও বলেন, কিছু মোতায়েন অন্যগুলোর তুলনায় দীর্ঘ হয় এবং কম বন্দরে থেমে কঠিন পরিস্থিতিতে সমুদ্রে দায়িত্ব পালন করা নাবিকদের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে।
সূত্র: সিএনএন
এমএস/