দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবস্থান ও চলাচল গোপন রাখতে নানা কৌশল ব্যবহার করে রাশিয়া। গোপন রেলস্টেশন, একই রকম দেখতে একাধিক অফিস এমনকি বৈঠকের ভিডিও আগেই ধারণ করে পরে প্রকাশের মতো কৌশলও ব্যবহার করা হয় বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, পুতিনের দপ্তরে থাকা গাছপালার অবস্থাও তার গতিবিধির সূত্র দিতে পারে। চলতি বছরের শুরুতে সাংবাদিকেরা টেলিভিশনে প্রচারিত ক্রেমলিনের বৈঠক বিশ্লেষণ করে দেখেন, দপ্তরে থাকা গাছের পাতার অবস্থার পরিবর্তন ঘোষিত বৈঠকের তারিখের সঙ্গে মিলছে না। এতে ধারণা করা হয়, কিছু বৈঠক ঘোষিত সময়ের আগে ধারণ করা হয়েছিল এবং পরে ভিন্ন ক্রমে প্রকাশ করা হয়েছে।
পুতিনের অবস্থান আড়াল করতে বিভিন্ন বাসভবনে প্রায় একই ধরনের দপ্তর তৈরি করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। দরজার হাতলের অবস্থান, দেয়ালের জোড়া লাগার চিহ্নসহ ছোটখাটো বিষয় দেখে সাংবাদিকেরা তার অবস্থান শনাক্তের চেষ্টা করেন।
পুতিনের চলাচল গোপন রাখতে বিশেষভাবে সজ্জিত প্রেসিডেন্টের ট্রেন ব্যবহারের কথাও উঠে এসেছে। বিভিন্ন স্যাটেলাইট চিত্র ও প্রতিবেদনে তার কয়েকটি বাসভবনের কাছে গোপন রেলস্টেশন ও রেলপথের অস্তিত্বের কথা বলা হয়েছে। ফাঁস হওয়া নথি অনুযায়ী, সাধারণ যাত্রীবাহী ট্রেনের মতো দেখতে সাঁজোয়া ওই ট্রেনে ব্যায়ামাগার, স্পা ও নিরাপদ যোগাযোগব্যবস্থাও রয়েছে।
ক্রেমলিনের বৈঠকের ভিডিও নিয়েও প্রশ্ন রয়েছে। কিছু বৈঠক কয়েক দিন বা কয়েক সপ্তাহ আগে ধারণ করে পরে তা সরাসরি বা সাম্প্রতিক সময়ের বলে প্রকাশ করা হয় বলে অভিযোগ রয়েছে। রুশ সাংবাদিকেরা এ ধরনের পুরোনো ধারণ করা ভিডিওকে ‘কনসার্ভি’ বা ‘ক্যানড গুডস’ নামে অভিহিত করেন।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর পুতিনের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। ইউক্রেনের ড্রোন রাশিয়ার আরও গভীরে পৌঁছানোর পর তার চলাচল গোপন রাখার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এমনকি মস্কোয় দ্রুতগতিতে চলা প্রেসিডেন্টের গাড়িবহরের কিছু বহরও কখনো কখনো বিভ্রান্তি তৈরির জন্য ব্যবহৃত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
/অ