দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ভারতীয় পররাষ্ট্রসেবা কর্মকর্তা নিধি তিওয়ারি। প্রধানমন্ত্রীর দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্বে আসার আগে পররাষ্ট্র ও নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে কাজ করেছেন তিনি। এর আগে ভারতের ভাভা পরমাণু গবেষণা কেন্দ্রে বিজ্ঞানী হিসেবেও কর্মজীবন শুরু করেছিলেন নিধি।
লখনৌতে বেড়ে ওঠা নিধি তিওয়ারি সেখানেই স্কুল ও স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করেন। পরে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পড়াশোনায় কৃতিত্বের জন্য তিনি স্বর্ণপদকও পান।
শিক্ষাজীবন শেষে ভাভা পরমাণু গবেষণা কেন্দ্রে বিজ্ঞানী হিসেবে যোগ দেন নিধি। তবে তার লক্ষ্য ছিল প্রশাসন ও পররাষ্ট্রসেবায় কাজ করা। সেই লক্ষ্যেই ২০০৮ সালে বিজ্ঞানীর চাকরি ছেড়ে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি শুরু করেন।
তার এই পথচলা অবশ্য সহজ ছিল না। ২০১২ সালের পরীক্ষায় উত্তীর্ণ হলেও অপেক্ষমাণ তালিকায় ছিলেন নিধি। এরপরও প্রস্তুতি চালিয়ে যান। ২০১৩ সালের পরীক্ষায় সর্বভারতীয় মেধাক্রমে ৯৬তম স্থান অর্জন করেন তিনি। পরে ভারতীয় পররাষ্ট্রসেবায় সুযোগ পেয়ে ২০১৪ ব্যাচের কর্মকর্তা হিসেবে যোগ দেন।
কর্মজীবনের শুরুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে কাজ করেন নিধি। পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা বিষয়ে তার অভিজ্ঞতা পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর দপ্তরের দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
২০২২ সালের নভেম্বরে প্রধানমন্ত্রীর দপ্তরে উপসচিব হিসেবে যোগ দেন তিনি। পরে পদোন্নতি পেয়ে উপ-সচিবের দায়িত্ব পান। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয়েও কাজ করেছেন নিধি।
বিজ্ঞান গবেষণাগারের কর্মী থেকে ভারতীয় পররাষ্ট্রসেবার কর্মকর্তা—দীর্ঘ পথ পেরিয়ে এখন প্রধানমন্ত্রী মোদির ব্যক্তিগত সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন নিধি তিওয়ারি। তার কর্মজীবনের বড় অংশজুড়েই রয়েছে পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়।
/অ