দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত ১৭৪ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির হিসাবে, এ সময়ে গড়ে প্রতি সপ্তাহে একটির বেশি শিশু নিহত হয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইউনিসেফের উপনির্বাহী পরিচালক হান্নান সুলেইমান জানান, একই সময়ে পশ্চিম তীরে ১ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি শিশু আহত হয়েছে। আহতদের প্রায় অর্ধেকই সরাসরি গুলিতে আহত হয়েছে।
তিনি বলেন, ইউনিসেফ এমন বেশ কয়েকটি ঘটনা নথিভুক্ত করেছে, যেখানে ফিলিস্তিনি শিশুরা তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি না করলেও তাদের গুলি করা হয়েছে। এমনকি পালিয়ে যাওয়ার সময়ও কিছু শিশুকে গুলি করা হয়েছে বলে জানান তিনি।
সুলেইমান আরও বলেন, পশ্চিম তীরে শিশুদের গুলি, মারধর, ছুরিকাঘাত ও মরিচের গুঁড়া ছোড়ার শিকার হতে হয়েছে। একই সঙ্গে তাদের বাড়িঘর, জীবিকার উৎস ও পানি সরবরাহের অবকাঠামোও হামলার শিকার হয়েছে।
ইসরায়েলি প্রিজন সার্ভিসের পরিসংখ্যান উদ্ধৃত করে ইউনিসেফের এই কর্মকর্তা জানান, বর্তমানে পশ্চিম তীরের অন্তত ৩৫৫ ফিলিস্তিনি শিশু ইসরায়েলি সামরিক হেফাজতে রয়েছে। গত আট বছরের মধ্যে এ সংখ্যা সর্বোচ্চ।
আটক শিশুদের মধ্যে ১৬৪ জনকে কোনো অভিযোগ বা বিচার ছাড়াই প্রশাসনিক আটকাদেশের আওতায় রাখা হয়েছে বলেও জানান তিনি।
হান্নান সুলেইমান বলেন, পশ্চিম তীরের শিশুরাও বিশ্বের অন্য শিশুদের মতো বেঁচে থাকা, শিক্ষা গ্রহণ, নিরাপত্তা পাওয়া এবং সহিংসতা ও ভয়মুক্ত ভবিষ্যতের স্বপ্ন দেখার অধিকার রাখে।
সূত্র: আল জাজিরা
এমএস/