দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্ববাজারে তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ওমানের সঙ্গে সম্ভাব্য চুক্তি হলেও তাতে গুরুত্বপূর্ণ এই নৌপথটি পুনরায় খুলে দেওয়া নিশ্চিত হবে না। তেহরান এ জন্য যুক্তরাষ্ট্রের কাছে একাধিক শর্ত দিয়েছে।
ব্রেন্ট ক্রুডের দাম দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ০৩ ডলারে উঠেছে। যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবহৃত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দাম দশমিক ৪ শতাংশ বেড়ে হয়েছে ৭৮ দশমিক ৪৯ ডলার।
ইরানের দাবির মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ করা, ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা ইরানি সম্পদ অবমুক্ত করা এবং যুদ্ধে ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়া।
পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী হরমুজ প্রণালির সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ২৪ মাইল। ইরান ও ওমানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সীমানা এই জলপথের মাঝামাঝি মিলিত হয়েছে। সংকীর্ণ হওয়ায় জাহাজ চলাচলের সময় নিরাপদে দিক পরিবর্তন বা সম্ভাব্য হামলা এড়ানোর সুযোগও সীমিত থাকে।
যুদ্ধের আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। ফলে এই নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারে চাপ আরও বাড়তে পারে।
এদিকে হরমুজের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতেও ঝুঁকি তৈরি হয়েছে। ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর হামলার কারণে সৌদি আরবের তেল রপ্তানিও হুমকির মুখে পড়েছে। রোববার লোহিত সাগর উপকূলে সৌদি আরবের একটি বড় তেল শোধনাগারেও হামলা চালিয়েছে হুথিরা।
গত কয়েক সপ্তাহে হরমুজ প্রণালি পুনরায় চালু নিয়ে অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে তেলের দাম ব্যাপক ওঠানামা করেছে। জুলাইয়ের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম যুদ্ধ শুরুর আগের পর্যায়ে নেমে ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলারে পৌঁছেছিল। কয়েক সপ্তাহ পরই তা আবার ১০০ ডলারের ওপরে উঠে যায়।
সূত্র: সিএনএন
এমএস/