দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা এখনো আলোচনায় রয়েছে বলে সতর্ক করেছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। এমন কোনো উদ্যোগ নেওয়া হলে মিসর সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে বিষয়টিকে আরব ও মুসলিম দেশগুলোর জন্য ‘রেড লাইন’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফাকে দেওয়া এক সাক্ষাৎকারে আবদেলাত্তি বলেন, গাজায় এমন পরিস্থিতি তৈরি করা হলে, যাতে সেখানে বসবাস করা অসম্ভব হয়ে পড়ে, এরপর বাসিন্দাদের চলে যাওয়াকে ‘স্বেচ্ছায় উচ্ছেদ’ বলা যায় না। এ ধরনের পরিস্থিতিতে মানুষকে চলে যেতে বাধ্য করা আন্তর্জাতিক আইন ও দখলদারিত্বের অধীনে থাকা জনগণের অধিকারের লঙ্ঘন।
তিনি বলেন, মিসর ফিলিস্তিনিদের উচ্ছেদ মেনে নেবে না এবং তা হতে দেবে না। ফিলিস্তিনিরা যেন নিজেদের ভূমিতেই থাকতে পারেন, সে বিষয়ে মিসরের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী। ফিলিস্তিনিদের ওপর ক্রমবর্ধমান লঙ্ঘনের ঘটনাকে তিনি ‘নীরব সংযুক্তিকরণ’ ও ‘বাস্তবিক সংযুক্তিকরণ’ হিসেবে বর্ণনা করেন। তার মতে, এ ধরনের কর্মকাণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে।
আবদেলাত্তি বলেন, শক্তি প্রয়োগ যত বড়ই হোক না কেন, ফিলিস্তিনিদের অধিকার স্বীকৃতি না পেলে ইসরায়েল বা পুরো অঞ্চলের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
সূত্র: আল-জাজিরা
/অ