দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিপুল মূল্যছাড়ের সুযোগ নিতে ইরাকের বসরা তেল টার্মিনাল থেকে অপরিশোধিত তেল নিতে হরমুজ প্রণালিতে প্রবেশের জন্য জাহাজ খুঁজছেন চীন ও ভারতের কয়েকটি তেল শোধনকারী প্রতিষ্ঠান। তবে জলপথটিতে প্রবেশের ঝুঁকি নিয়ে জাহাজ মালিকদের উদ্বেগ থাকায় এখন পর্যন্ত কোনো জাহাজ চূড়ান্ত হয়নি।
বার্তা সংস্থা রয়টার্সকে কয়েকটি জাহাজ চলাচল-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহে চীন ও ভারতের কয়েকটি তেল শোধনকারী প্রতিষ্ঠান হরমুজ প্রণালি পেরিয়ে বসরা তেল টার্মিনালে যাওয়ার জন্য জাহাজের খোঁজ করেছে।
ইরাকের রাষ্ট্রীয় তেল বিপণনকারী প্রতিষ্ঠান সোমো আগস্টে উত্তোলনের জন্য বসরা হেভি ও বসরা মিডিয়াম অপরিশোধিত তেলে ব্যারেলপ্রতি প্রায় ৩০ ডলার পর্যন্ত ছাড় দিয়েছে। এই বড় মূল্যছাড়ই ক্রেতাদের আকৃষ্ট করছে।
তবে হরমুজ প্রণালিতে প্রবেশের ঝুঁকি বিবেচনায় জাহাজ মালিকেরা সতর্ক অবস্থানে রয়েছেন। ফলে এখন পর্যন্ত কোনো জাহাজের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়নি।
কেপলার-এর তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে এখন পর্যন্ত মাত্র ছয়টি অপরিশোধিত তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি থেকে বের হয়েছে। এ সময়ে মোট ২১টি জাহাজ প্রণালিতে প্রবেশ করেছে, যার বেশির ভাগই ইরানের নির্ধারিত পথ ব্যবহার করেছে।
সাধারণ সময়ে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ১৩০ থেকে ১৪০টি জাহাজ চলাচল করত। তবে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পরপরই ইরান জলপথটি বন্ধ করে দেওয়ার পর থেকে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এই জলপথে জাহাজ চলাচল স্বাভাবিক না হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারে এর প্রভাব পড়ছে।
সূত্র: আল-জাজিরা
/অ