দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের তামান লিঙ্গি এলাকায় সহকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নেগেরি সেম্বিলান পুলিশের প্রধান দাতুক আলজাফনি আহমদ জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চল্লিশোর্ধ্ব এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ‘গতকাল বিকেল প্রায় ৪টা ১৫ মিনিটে কয়েকজন বাংলাদেশির মধ্যে একটি বাড়িতে সংঘর্ষের খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে লিঙ্গি থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে চল্লিশোর্ধ্ব এক বাংলাদেশিকে আটক করে।’
পরে প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ লিঙ্গির সুয়া মাঙ্গিস এস্টেট এলাকায় আরও দুটি মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত তিন বাংলাদেশির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। আহত আরেক বাংলাদেশিকে রেমবাউ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনায় জড়িত সবাই একই প্রতিষ্ঠানে কাজ করতেন এবং একই বাসায় থাকতেন।
পুলিশের ভাষ্য, ঘটনাটি একাধিক স্থানে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুরো ঘটনার ধারাবাহিকতা নির্ধারণে তদন্ত চলছে।
এ ছাড়া প্রাথমিক যাচাইয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। তাকে আজ পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।
পুলিশ জানিয়েছে, হত্যার অভিযোগে দেশটির দণ্ডবিধির ৩০২ ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে। তবে ঘটনার উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
/অ