দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রস্তাবিত চীনের নতুন ‘সুপার দূতাবাস’ নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে করা আইনি চ্যালেঞ্জ খারিজ করে দিয়েছে হাইকোর্ট। তবে রায়ের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রকল্পটির বিরোধীরা।
শুক্রবার ঘোষিত রায়ে আদালত লন্ডনের টাওয়ার অব লন্ডনের কাছে রয়্যাল মিন্ট কোর্ট এলাকায় দূতাবাস নির্মাণের জন্য দেওয়া পরিকল্পনা অনুমোদনের বৈধতা বহাল রাখে। এরপরও স্থানীয় বাসিন্দা ও তাদের প্রতিনিধিরা জানান, তারা আইনি লড়াই চালিয়ে যাবেন।
প্রস্তাবিত দূতাবাসের নিকটবর্তী এলাকার বাসিন্দাদের সংগঠন রয়্যাল মিন্ট কোর্ট রেসিডেন্টস অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে এ প্রকল্পের বিরোধিতা করে আসছে। সংগঠনটির দাবি, এত বড় কূটনৈতিক স্থাপনা এলাকাটিকে সম্ভাব্য সন্ত্রাসী হামলার ঝুঁকিতে ফেলতে পারে এবং শান্তিপূর্ণ বিক্ষোভ দমন বা চীনা ভিন্নমতাবলম্বীদের ওপর নজরদারির কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতে পারে।
সংগঠনটি আরও আশঙ্কা প্রকাশ করেছে যে, দূতাবাসটি যুক্তরাজ্যের ভূখণ্ডে চীনের কঠোর আইন প্রয়োগের প্রচেষ্টার প্রতীক হয়ে উঠতে পারে। পাশাপাশি তারা অভিযোগ করে, কূটনৈতিক দায়মুক্তির কারণে অগ্নি-নিরাপত্তাসহ বিভিন্ন বিধি লঙ্ঘিত হলেও তা কার্যকরভাবে প্রয়োগ করা কঠিন হতে পারে।
এসব অভিযোগের ভিত্তিতে সংগঠনটি যুক্তরাজ্যের আবাসন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং টাওয়ার হ্যামলেটস বরো কাউন্সিলের বিরুদ্ধে আইনি আবেদন করেছিল।
অন্যদিকে সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ আদালতে জানায়, পরিকল্পনা অনুমোদনের আগে বাসিন্দাদের উত্থাপিত উদ্বেগগুলো তারা সতর্কতার সঙ্গে বিবেচনা করেছে।
চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত শুনানি শেষে হাইকোর্টের দুই বিচারপতি বাসিন্দাদের আবেদন খারিজ করে দেন। তবে আবেদনকারীদের আইনজীবীরা জানিয়েছেন, তারা উচ্চতর আদালতে আপিলের অনুমতি চেয়ে আবেদন করবেন।
স্থানীয় এক বাসিন্দা রায়ের প্রতিক্রিয়ায় বলেন, “এই সিদ্ধান্ত বাস্তবতা বদলে দেয় না। আমাদের আবাসিক এলাকায় একটি দুর্গসদৃশ স্থাপনার কোনো স্থান নেই।”
সূত্র: দ্যা ইন্ডিপেন্ডেন্ট
এমএস/