দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সমুদ্র সমন্বয় সংস্থা জানিয়েছে, বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে কোনো অর্থ আদায়ের পরিকল্পনা তাদের নেই।
শনিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং কৌশলগত এ নৌপথ দিয়ে চলাচল এখনো সম্পূর্ণ বিনা মূল্যে রয়েছে।
এর আগে বুধবার রয়টার্স আঞ্চলিক কয়েকটি সূত্রের বরাতে জানায়, ইরান-সমর্থিত হুথিরা দক্ষিণ লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজের ওপর অর্থ আদায়ের বিষয়টি বিবেচনা করছে। সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণার এক সপ্তাহ পর এ তথ্য প্রকাশিত হয়।
রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ে হুথি কর্মকর্তাদের তেহরান সফরের সময় ইরানি কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য অর্থ আদায়ের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল। তবে এটি কবে থেকে কার্যকর হতে পারে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
হুথি-নিয়ন্ত্রিত মানবিক কার্যক্রম সমন্বয় কেন্দ্র জানিয়েছে, তাদের ‘নিরাপদ যাতায়াত সেবা’ স্বেচ্ছামূলক এবং সম্পূর্ণ বিনা মূল্যের।
বিবৃতিতে সংস্থাটি আরও বলেছে, ‘বাব আল-মান্দেব প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিনিময়ে অর্থ দাবি করা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনোভাবেই ইয়েমেন প্রজাতন্ত্র বা মানবিক কার্যক্রম সমন্বয় কেন্দ্রের প্রতিনিধিত্ব করে না।’
এ ছাড়া জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কোনো অর্থ পরিশোধ না করার এবং কোনো তথ্য সরবরাহ না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সূত্র: রয়টার্স