দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি বলেছেন, দেশটির সেনাবাহিনী ইসরায়েলের নির্ধারিত ‘পরীক্ষামূলক অঞ্চল’ নয়, বরং একটি ঐক্যবদ্ধ লেবাননকে রক্ষা করে যাচ্ছে। সেনাবাহিনীর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে বেরি বলেন, ‘৮১ বছর পরও লেবাননের সেনাবাহিনী এমন একটি প্রতিষ্ঠানের প্রতীক, যা অন্যদের যাচাই করে, কিন্তু নিজে পরীক্ষার মুখে পড়ে না। ঐক্য, পরিচয়, আত্মত্যাগ ও আনুগত্যের চেতনায় তারা একটি অভিন্ন লেবাননকে রক্ষা করছে—যে লেবাননের স্বপ্ন দেশটির মানুষ দেখে; ইসরায়েলি দখলদার বাহিনী আগুন, হত্যা ও ধ্বংসযজ্ঞের মাধ্যমে যে তথাকথিত পরীক্ষামূলক অঞ্চলের সীমানা নির্ধারণ করছে, সেটিকে নয়।’
দীর্ঘদিনের রাজনীতিক এবং আমাল আন্দোলনের প্রধান বেরি বলেন, গভীর সাম্প্রদায়িক বিভাজনের মধ্যেও লেবাননের সেনাবাহিনী দেশের ঐক্যের প্রতীক হিসেবে ভূমিকা রেখে চলেছে।
তিনি সেনাবাহিনীকে এমন একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন, যা দেশের সব জনগণের প্রতিনিধিত্ব করে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, ভূমি ও জনগণকে মুক্ত করা এবং স্থিতিশীলতা ও সামাজিক শান্তি বজায় রাখতে ভূমিকা রাখবে।
বেরির এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি বিতর্কিত কাঠামোগত চুক্তি হয়েছে। ওই চুক্তির আওতায় দক্ষিণ লেবাননে তথাকথিত ‘পরীক্ষামূলক অঞ্চল’ গঠনের কথা বলা হয়েছে।
চুক্তি অনুযায়ী, নির্ধারিত এলাকাগুলোতে লেবাননের সশস্ত্র বাহিনী মোতায়েন হবে এবং ধাপে ধাপে সেখান থেকে ইসরায়েলি বাহিনী সরে যাবে। গত ২০ জুলাই প্রথম দফায় ফ্রাউন, স্রিফা ও জাওতার আল-গারবিয়া গ্রামকে নিয়ে তিনটি পরীক্ষামূলক অঞ্চল চালু করা হয়।
সূত্র: আল-জাজিরা
/অ