দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে দেশটির নির্বাচনী ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করার পরিকল্পনার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তার ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে ব্রাজিল।
শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিল সরকারের দুই কর্মকর্তা। সংবেদনশীল বিষয় হওয়ায় তারা নিজেদের পরিচয় প্রকাশ করেননি।
ব্রাজিলের কর্মকর্তারা জানান, মার্কিন প্রতিনিধিদলটি দেশটির অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সন্দেহ তৈরি করার উদ্দেশ্যে সফরের পরিকল্পনা করেছিল। তাদের মতে, এটি ব্রাজিলের নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা।
ভিসা আবেদন বাতিল হওয়া প্রতিনিধিদলে ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক ব্যুরোর সহকারী সচিব রাইলি এম. বার্নস এবং উপসহকারী সচিব স্যামুয়েল স্যামসন।
ব্রাজিলের এক কর্মকর্তা বলেন, ‘পরিস্থিতিকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে নির্বাচনী ব্যবস্থাকে দুর্বল করার নতুন প্রচেষ্টার প্রমাণ পাওয়ায়’ ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র শনিবার জানান, বার্নস ও স্যামসন ২৭ থেকে ৩০ জুলাই ব্রাসিলিয়া সফর করবেন। সেখানে তারা সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা, ধর্মীয় স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনা করবেন।
মার্কিন কর্মকর্তা বলেন, ব্রাজিলের নির্বাচনকে দুর্বল করার কোনো ‘ষড়যন্ত্রের’ অভিযোগ ভিত্তিহীন। তিনি এই সফরকে নিয়মিত কর্মসূচির অংশ এবং গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক ব্যুরোর দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেন।
এ বিষয়ে ফ্লাভিও বলসোনারোর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ব্রাজিলের নির্বাচনে ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো ও বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা রয়েছে। ফ্লাভিও সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে এবং ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।
এর আগে ২০২২ সালের নির্বাচনের আগে জইর বলসোনারো দেশটির ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা নিয়ে বারবার সন্দেহ প্রকাশ করেছিলেন। পরে ব্রাজিলের সুপ্রিম ইলেক্টোরাল কোর্ট তাকে ক্ষমতার অপব্যবহারের দায়ে ২০৩০ সাল পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করে।
পরে নির্বাচনের ফল পাল্টানোর ষড়যন্ত্রের অভিযোগে বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে তিনি গৃহবন্দি অবস্থায় সাজা ভোগ করছেন।
এখন তার ছেলে ফ্লাভিও বলসোনারোও দেশটির নির্বাচনী ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন। তিনি বিদেশি পর্যবেক্ষকদের ব্রাজিলের নির্বাচন পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন।
এক অনুষ্ঠানে ফ্লাভিও দাবি করেছিলেন, ব্রাজিলের ইলেকট্রনিক ভোটিং মেশিন স্মার্টম্যাটিক নামের একটি প্রতিষ্ঠানের তৈরি। তবে রয়টার্সকে দেওয়া বক্তব্যে স্মার্টম্যাটিক এবং ব্রাজিলের নির্বাচন আদালত জানিয়েছে, দেশটির কোনো ভোটিং মেশিন ওই প্রতিষ্ঠান সরবরাহ করেনি।
ফ্লাভিও অবশ্য দাবি করেছেন, তিনি ব্রাজিলের নির্বাচনী ব্যবস্থার সততা নিয়ে প্রশ্ন তোলেননি।
সূত্র: রয়টার্স
/অ