দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালিতে কোনো জাহাজে ইরান হামলা চালালে দেশটির সেতু ও বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্র হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন।
ট্রাম্প বলেন, ‘এখন থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরান হরমুজ প্রণালিতে কোনো জাহাজে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন বা অন্য কোনো অস্ত্র দিয়ে হামলা চালালে যুক্তরাষ্ট্র তেহরানের আশপাশ বা রাজধানীর ভেতরে থাকা সেতু ও বিদ্যুৎকেন্দ্রসহ একটি করে অবকাঠামো ধ্বংস করবে।’
এর আগে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিলেও এবার তিনি নির্দিষ্টভাবে হরমুজ প্রণালিতে জাহাজে হামলার সঙ্গে সেই পদক্ষেপের সম্পর্ক টেনে দেন।
ট্রাম্পের এই হুমকির জবাবে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এক সামরিক সূত্রের বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র ইরানের অবকাঠামোতে হামলা চালালে তেহরানও একইভাবে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট জ্বালানি স্থাপনাসহ বিভিন্ন অবকাঠামো ও সেতুতে পাল্টা হামলা চালাবে।
ওই সূত্র আরও দাবি করে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ থাকলেও তা ইরানের সঙ্গে সমন্বয় করেই করতে হবে।
গত ১২ দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। যুদ্ধ অবসানে স্বাক্ষরিত সমঝোতা স্মারক হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইস্যুতে কার্যত অচল হয়ে পড়ার পর আবারও সংঘাত শুরু হয়। ইরান প্রণালিটির ওপর নিজেদের সার্বভৌম অধিকার দাবি করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র এটি আন্তর্জাতিক মুক্ত নৌপথ হিসেবে বহাল রাখার অবস্থানে রয়েছে।
নতুন করে সংঘাত শুরুর পর যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনার পাশাপাশি বন্দর ও সেতুতেও হামলা চালিয়েছে। জবাবে ইরান এ অঞ্চলে মার্কিন সেনা অবস্থানগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালায়।
ইরানের হামলায় চলতি মাসে জর্ডান ও ইরাকে অন্তত চার মার্কিন সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। নিহত সেনাদের মরদেহ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বুধবার ডেলাওয়্যারের ডোভার বিমানঘাঁটিতে যাওয়ার আগে ট্রাম্প বলেন, ইরানকে ‘বড় মূল্য’ দিতে হবে এবং দেশটি ‘বিধ্বস্ত হচ্ছে’।
এদিকে সংঘাত পুনরায় তীব্র হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রলের গড় দাম সাময়িকভাবে কমে আসার পর আবার ৪ ডলারের বেশি ছাড়িয়েছে।
সূত্র: আল-জাজিরা
/অ