দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনাসদস্য নিহত এবং আরও একজন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। শনিবার (১৭ জুলাই) এক বিবৃতিতে সেন্টকম জানায়, জর্ডানে অবস্থানরত মার্কিন ও মিত্রবাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় এই হতাহতের ঘটনা ঘটে।
সেন্টকমের তথ্য অনুযায়ী, হামলায় আহত আরও চার মার্কিন সেনাকে জর্ডানের হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া কয়েকজন সেনা সামান্য আহত হলেও তারা আবার দায়িত্বে ফিরেছেন।
নিহত দুই সেনার পরিচয় তাদের পরিবারের সদস্যদের অবহিত করার অন্তত ২৪ ঘণ্টা পর প্রকাশ করা হবে বলে জানিয়েছে সেন্টকম।
এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “ঈশ্বর তাদের শান্তি দিন। তাদের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে।”
এর আগে শনিবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, তারা জর্ডানের আল-আজরাকে মার্কিন বাহিনী ব্যবহৃত একটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আইআরজিসির দাবি, ওই হামলায় কয়েকটি সামরিক বিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, প্রায় পাঁচ মাস ধরে চলা এই সংঘাতে এখন পর্যন্ত ১৬ জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। এর মধ্যে গত মার্চে কুয়েতের শুয়াইবা বন্দরে ইরানের হামলায় ছয় সেনা নিহত হন। একই মাসে সৌদি আরবে এক হামলায় আহত হয়ে আরও এক সেনার মৃত্যু হয়। এছাড়া মার্চে ইরাকে একটি মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ছয় সেনা নিহত হলেও সেটি শত্রুপক্ষের হামলার কারণে ঘটেনি।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আবারও তীব্র আকার ধারণ করেছে। দুই পক্ষই পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলোও হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।
অন্যদিকে, ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, গত এক দিনে যুক্তরাষ্ট্রের হামলায় ১২ ইরানি নিহত হয়েছেন। এতে সংঘাতের সর্বশেষ পর্যায়ে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এছাড়া হরমোজগান প্রদেশের এক উপ-গভর্নর দাবি করেছেন, মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় একটি পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) কেন্দ্র ধ্বংস হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী।
সূত্র: সিএনএন
এমএস/