দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীনের চতুর্থ সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা ওয়াং হুনিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার করেছেন তিনি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
চীনের কমিউনিস্ট পার্টির স্থায়ী কমিটির সদস্য ওয়াং হুনিংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বুধবার পিয়ংইয়ং পৌঁছায়। বৃহস্পতিবার অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এই বৈঠকটি চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের জুন মাসের উত্তর কোরিয়া সফরের পর ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগের সর্বশেষ অধ্যায়। সাত বছরের মধ্যে সেটিই ছিল শি চিন পিংয়ের প্রথম উত্তর কোরিয়া সফর।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়ে ওঠার প্রেক্ষাপটে ঐতিহ্যগত মিত্র দেশের ওপর নিজেদের প্রভাব আরও সুদৃঢ় করার চেষ্টা করছে চীন।
সাম্প্রতিক বছরগুলোতে পিয়ংইয়ং ও মস্কোর সম্পর্ক দ্রুত গভীর হয়েছে। দুই দেশ একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে, যার আওতায় হাজার হাজার উত্তর কোরীয় সেনা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অংশ নিয়েছে। তবে এর পরও উত্তর কোরিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক অংশীদার হিসেবে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে।
বৈঠকে কিম জং উন ও ওয়াং হুনিং গত মাসে শি চিন পিংয়ের সফরের সময় চীন ও উত্তর কোরিয়ার মধ্যে হওয়া সমঝোতা বাস্তবায়নে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।
সেই শীর্ষ বৈঠকে শি চিন পিং ও কিম জং উন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, দুই দেশের মধ্যে ‘সবচেয়ে শক্তিশালী ও কৌশলগত সম্পর্ক’ আরও জোরদারের জন্য একটি ‘সুদূরপ্রসারী রূপরেখা’ গ্রহণ করেছিলেন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই বৈঠকে শি চিন পিং উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক, আইন প্রয়োগকারী সংস্থা এবং সামরিক সহযোগিতা আরও ঘনিষ্ঠ করার আহ্বান জানান।
এ সপ্তাহে ওয়াং হুনিংয়ের সঙ্গে বৈঠকে কিম জং উন বলেন, প্রতিবেশী দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরালোভাবে এগিয়ে নেওয়া উত্তর কোরিয়ার ‘অটল নীতি’।
জবাবে ওয়াং হুনিং বলেন, কিম জং উনের নেতৃত্বে উত্তর কোরিয়ার সমাজতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতি চীনের ‘দৃঢ় সমর্থন কখনো পরিবর্তিত হবে না’।
সফরের অংশ হিসেবে চীনা প্রতিনিধিদল কোরীয় যুদ্ধের সময় নিহত চীনা সেনাদের স্মৃতিসৌধ, ওয়ার্কার্স পার্টির কর্মকর্তা প্রশিক্ষণ বিদ্যালয় এবং কিম ইল সুং ও কিম জং ইলের সংরক্ষিত মরদেহ রাখা সমাধিসৌধ পরিদর্শন করে বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
এর আগে সফরের সময় ওয়াং হুনিং উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির শীর্ষ কর্মকর্তা জো ইয়ং ওনের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি গত মাসে শি চিন পিং ও কিম জং উনের মধ্যে হওয়া সমঝোতা বাস্তবায়নে চীনা দল ও সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সূত্র: আল-জাজিরা
/অ