দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ১৩ কোটি মার্কিন ডলারের বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ তথ্য জানিয়েছেন। তেহরানের ওপর চাপ আরও বাড়ানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন প্রশাসনের দাবি, জব্দ করা এসব ডিজিটাল সম্পদ ইরানের সঙ্গে সংশ্লিষ্ট। এমন এক সময়ে এই পদক্ষেপ নেওয়া হলো, যখন যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) ভেঙে গেছে। এর পর থেকেই ওয়াশিংটন একের পর এক নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে এবং সামরিক অভিযানও জোরদার করেছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ থাকা কয়েকটি ডিজিটাল ওয়ালেটের ওপর নিষেধাজ্ঞা দেয়। এর ফলে ১৩ কোটি ডলারের বেশি মূল্যের ক্রিপ্টো সম্পদ জব্দ করা সম্ভব হয়েছে।
এ ছাড়া, ইরানের নিষেধাজ্ঞা এড়িয়ে চলার নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫০টিরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রেজারি বিভাগ।
বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, বিশ্বজুড়ে ক্রিপ্টো লেনদেনে ব্যবহৃত ডিজিটাল মুদ্রা প্রতিষ্ঠান টেথার (Tether) এসব সম্পদ জব্দে সহায়তা করেছে।
এর আগে চলতি বছরের এপ্রিলেও ইরানের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ৩৪ কোটি ৪০ লাখ ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করেছিল যুক্তরাষ্ট্র।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘আমরা অর্থের উৎস অনুসরণ করা অব্যাহত রাখব এবং অবৈধ আয়ের মাধ্যমে ইরানি সরকারকে অর্থের প্রবেশাধিকার থেকে বঞ্চিত করব।’
বিশ্লেষকদের মতে, কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে থাকা ইরান, রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো দেশগুলো সাম্প্রতিক বছরগুলোতে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার তুলনায় কম নিয়ন্ত্রিত হওয়ায় ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ সংগ্রহ ও নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা বাড়িয়েছে।
সূত্র: সিএনএন
এমএস/