দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে। এ হামলার মাধ্যমে কয়েক বছর ধরে চলা উত্তেজনা প্রশমনের অবসান হয়েছে বলে দাবি করে সৌদি আরবকে ‘প্রতিশোধ’ ও ‘শাস্তি’র হুঁশিয়ারি দিয়েছে তারা।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, ‘সৌদি শত্রুপক্ষ সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে। এই আগ্রাসনের পরিণতি তাদেরই বহন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘এই হামলার জবাব দেওয়া হবে এবং শাস্তি নিশ্চিত করা হবে।’
হুথিদের রাজনৈতিক ব্যুরো পৃথক এক বিবৃতিতে দাবি করেছে, এই হামলা সৌদি আরব এবং তাদের সমর্থক যুক্তরাষ্ট্রের ‘বৈরী মনোভাবের’ বহিঃপ্রকাশ। একই সঙ্গে তারা অভিযোগ করে, ইয়েমেনের ওপর এক দশকেরও বেশি সময় ধরে চলা অবরোধ বহাল রাখার মার্কিন পরিকল্পনারই অংশ এই হামলা।
এদিকে, সানার উদ্দেশে উড়তে থাকা একটি ইরানি বিমান হামলার কারণে গন্তব্য পরিবর্তন করে হুথি-নিয়ন্ত্রিত হোদেইদাহ বিমানবন্দরে অবতরণ করে।
মধ্যপ্রাচ্যে ইরানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হুথিরা এর আগে একাধিকবার সতর্ক করে বলেছে, প্রয়োজন হলে তারা লোহিত সাগরের প্রবেশমুখ বাব আল-মান্দাব প্রণালীতেও জাহাজ চলাচল ব্যাহত করতে পারে।
হরমুজ প্রণালিতে চলাচল ব্যাহত হওয়ার পর সৌদি আরবের তেল রপ্তানির ক্ষেত্রে লোহিত সাগরের গুরুত্ব আরও বেড়েছে। ফলে বাব আল-মান্দাবে অস্থিতিশীলতা তৈরি হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৭৯ দশমিক ২৫ ডলারে পৌঁছায়। যদিও এটি মে মাসের যুদ্ধকালীন সর্বোচ্চ ১১২ ডলার প্রতি ব্যারেলের তুলনায় এখনও অনেক কম।
উল্লেখ্য, ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এবং পরের বছর সৌদি আরব ও ইরানের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল। সাম্প্রতিক এ হামলার অভিযোগ সেই পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তুলতে পারে।
সূত্র: সিএনএন
এমএস/