দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মিয়ানমারের আটক সাবেক নেত্রী অং সান সু চি সুস্থ আছেন এবং তার দেখভাল করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী। দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের প্রতিনিধিদের এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছেন মিয়ানমারবিষয়ক আসিয়ানের বিশেষ দূত।
ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী ও আসিয়ানের বিশেষ দূত মারিয়া থেরেসা লাজারো বলেন, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী তাকে জানিয়েছেন যে সু চি ‘একজন বোনের মতো’ এবং তিনি ভালো আছেন, তাই তার যত্ন নেওয়া হচ্ছে।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সু চির নির্বাচিত সরকার উৎখাত হওয়ার পর থেকে তিনি আটক রয়েছেন। দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর সু চির সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে আসছিলেন লাজারো। তবে ৮১ বছর বয়সী এই নেত্রীর বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
রোববার অভ্যুত্থানের পর প্রথমবারের মতো আসিয়ানের ১১ সদস্য দেশের শীর্ষ কূটনীতিকরা মিয়ানমারের প্রতিনিধির সঙ্গে সরাসরি বৈঠক করেন। দেশটিতে চলমান সংঘাত বন্ধে ব্যর্থ হওয়া শান্তি উদ্যোগকে আবারও কার্যকর করার চেষ্টা হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ সংঘাতে মিয়ানমারে প্রায় এক লাখ মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সু চি বর্তমানে বিভিন্ন ফৌজদারি মামলায় দেওয়া ২৭ বছরের সাজা ভোগ করছেন। সম্প্রতি তার সাজা এক-তৃতীয়াংশ কমানো হয়েছে। তবে তার সমর্থকরা এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। সু চি নিজেও কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।
আসিয়ানের শান্তি উদ্যোগ নিয়ে বিতর্ক
মিয়ানমারের সামরিক নেতৃত্বকে আসিয়ানের উচ্চপর্যায়ের বৈঠক থেকে দূরে রাখা হয়েছিল। কারণ, জোটের সঙ্গে করা পাঁচ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে তারা অগ্রগতি দেখাতে পারেনি।
লাজারো বলেন, মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ এবং মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে কিছু অগ্রগতি দেখা যাচ্ছে। তবে তিনি স্বীকার করেন, এই প্রক্রিয়া একদিনে সম্পন্ন হবে না।
গত সপ্তাহে মিয়ানমারের সামরিকপন্থী পার্লামেন্ট আসিয়ানের শান্তি পরিকল্পনাকে হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করে তা প্রত্যাখ্যানের আহ্বান জানায়। তবে লাজারো বলেন, আসিয়ান এখনো পাঁচ দফা ঐকমত্যের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।
থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকেও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীকে অগ্রগতির বিষয়ে আসিয়ানের প্রত্যাশার কথা জানান। পাশাপাশি সু চির শারীরিক অবস্থা যাচাই করতে তাকে সাক্ষাতের সুযোগ দেওয়ার আহ্বান জানান।
এদিকে মিয়ানমারের ২০টি রাজনৈতিক ও জাতিগত সংখ্যালঘু গোষ্ঠী আসিয়ানের এই বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে, যারা আসিয়ানের শান্তি কাঠামো প্রত্যাখ্যান করছে, তাদের সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ বাড়ানোর বিষয়টি গ্রহণযোগ্য নয়।
/অ