দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কোকে দায়িত্ব থেকে সরানোর পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দায়িত্ব নেওয়ার মাত্র এক বছরের মধ্যেই তাকে সরানোর এই উদ্যোগে দেশটির সরকারে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।
রোববার জেলেনস্কি জানান, প্রধানমন্ত্রী পরিবর্তনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর প্রধান পর্যায়েও পরিবর্তন আনা হবে। তবে কে নতুন প্রধানমন্ত্রী হবেন বা সভিরিদেঙ্কোর জন্য নতুন কোনো দায়িত্ব নির্ধারণ করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে ইউলিয়া সভিরিদেঙ্কোর ‘স্পষ্ট, স্থিতিশীল ও কার্যকর কাজের’ জন্য তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে ইউক্রেনের জন্য তার দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন তিনি।
জেলেনস্কি বলেন, পরিবর্তনগুলো একটি ‘হালনাগাদ রাজনৈতিক কৌশল’ বাস্তবায়ন নিশ্চিত করার জন্য প্রয়োজন।
দুর্নীতি কেলেঙ্কারির চাপের মধ্যে পরিবর্তন
অর্থনীতিবিদ ইউলিয়া সভিরিদেঙ্কো ২০২৫ সালের জুলাইয়ে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি জেলেনস্কির কার্যালয়ের উপপ্রধান হিসেবে এক বছর এবং অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য বিষয়ক উপপ্রধানমন্ত্রী হিসেবে চার বছর দায়িত্ব পালন করেন।
ইউক্রেনে গত এক বছরে বড় ধরনের দুর্নীতি কেলেঙ্কারি দেখা দিয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় পারমাণবিক বিদ্যুৎ প্রতিষ্ঠান এনারগোঅ্যাটমে প্রায় ১০ কোটি ডলারের ঘুষ কেলেঙ্কারি নিয়ে আলোচিত ‘মিডাস’ মামলা রয়েছে।
এই ঘটনায় জেলেনস্কির ঘনিষ্ঠ কয়েকজনের নাম উঠে আসে, যা পশ্চিমা মিত্রদের কাছে উচ্চপর্যায়ের দুর্নীতি মোকাবিলায় ইউক্রেনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি করে।
কর্তৃপক্ষ জেলেনস্কির সাবেক ব্যবসায়িক সহযোগী তিমুর মিনদিচকে এই ঘুষ কেলেঙ্কারির নেতৃত্ব দেওয়ার অভিযোগ করেছে। একই ঘটনায় জেলেনস্কির সাবেক চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাককেও সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে দুজনই অভিযোগ অস্বীকার করেছেন।
ইউক্রেনের আইন অনুযায়ী, প্রধানমন্ত্রীর পদত্যাগের জন্য সংসদের অনুমোদন প্রয়োজন এবং এর সঙ্গে পুরো মন্ত্রিসভার পদত্যাগের বিষয়টিও জড়িত।
সম্ভাব্য প্রধানমন্ত্রীর তালিকায় কয়েকজন
আইনপ্রণেতাদের মধ্যে নতুন প্রধানমন্ত্রী হিসেবে কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন সভিরিদেঙ্কোর পূর্বসূরি ও জ্বালানিমন্ত্রী দেনিস শমিহাল, প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ এবং রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি নাফটোগাজের প্রধান সেরহি কোরেতস্কি।
বিরোধী দলের আইনপ্রণেতা ইয়ারোস্লাভ জেলেজনিয়াক জানিয়েছেন, নতুন সরকারপ্রধান হিসেবে কোরেতস্কির মনোনয়ন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অন্যদিকে সভিরিদেঙ্কো যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে পারেন বলেও তিনি জানান।
সূত্র: রয়টার্স
/অ