দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজায় হামাসের মুখপাত্র হাজেম কাসেমকে লক্ষ্য করে হত্যাচেষ্টা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সৌদি আরবভিত্তিক একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গাজার একটি নিরাপত্তা সূত্রের দাবি, ইসরায়েলের একটি হামলার লক্ষ্য ছিল হাজেম কাসেমের গাড়ি। তবে হামলার সময় তিনি গাড়িতে ছিলেন না। এ ঘটনায় তাঁর ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা একজন নিহত হয়েছেন।
এদিকে গাজার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ১২ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরায়েলের ধারাবাহিক হামলা অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭৩ হাজার ১১৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৩ হাজার ৬১৫ জন আহত হয়েছেন। পাশাপাশি গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।
এদিকে যুক্তরাজ্যে ফিলিস্তিন দূতাবাস দেশটির সম্ভাব্য প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের বক্তব্যকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে দূতাবাস জানায়, গাজা যুদ্ধের শুরুতে যুক্তরাজ্যের অবস্থান যথাযথ ছিল না—এমন স্বীকারোক্তি ইতিবাচক পদক্ষেপ।
ফিলিস্তিন দূতাবাস আরও আহ্বান জানিয়েছে, ইসরায়েলের দখলদারিত্বকে সহায়তাকারী সব ব্যবস্থার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ, ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ, অবৈধ বসতিতে বাণিজ্য নিষিদ্ধ এবং দখলদারিত্ব থেকে লাভবান প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জোমলত বলেন, শুধু বক্তব্য নয়, আন্তর্জাতিক আইন অনুযায়ী বাস্তব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই অঙ্গীকারের প্রতিফলন দেখতে চায় ফিলিস্তিন।
এর আগে অ্যান্ডি বার্নহাম বলেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের শুরুতে তার দল সঠিকভাবে পরিস্থিতি মোকাবিলা করতে পারেনি। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমতায় গেলে ইসরায়েল সরকারের প্রতি আরও কঠোর নীতি গ্রহণের প্রতিশ্রুতি দেন।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
জে আই