দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সমাবেশ ঝড়ো আবহাওয়ার কারণে অনিশ্চয়তায় পড়ে। শনিবার রাতে বজ্রঝড়ের আশঙ্কা দেখা দিলে ন্যাশনাল মলে জড়ো হওয়া লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
ঝড়ের মেঘ রাজধানী এলাকায় প্রবেশের পর নিরাপত্তাজনিত কারণে উন্মুক্ত ন্যাশনাল মল এলাকা খালি করে আশপাশের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানায়, নিরাপত্তা তল্লাশি কেন্দ্র দিয়ে নতুন করে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এতে রাত ১০টায় নির্ধারিত ট্রাম্পের বক্তব্য প্রভাবিত হবে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ট্রাম্প এই সমাবেশকে ‘সবচেয়ে দর্শনীয় ট্রাম্প সমাবেশ’ হিসেবে বর্ণনা করেছেন। অনুষ্ঠানের আয়োজক সংস্থা ‘ফ্রিডম ২৫০’ জানিয়েছে, জননিরাপত্তা কর্মকর্তারা আবহাওয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
সমাবেশে যোগ দিতে হাজারো মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি রাজধানীতে তাপমাত্রা ১০২ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত ওঠায় দর্শনার্থীদের ভোগান্তি আরও বেড়ে যায়। রেকর্ড গরমের কারণে ওয়াশিংটন এলাকায় কয়েকটি কুচকাওয়াজ ও অন্যান্য কর্মসূচিও বাতিল করা হয়েছে।
দক্ষিণ ডাকোটা অঙ্গরাজ্য থেকে আসা সফটওয়্যার প্রকৌশলী গ্লেন সোল্যান্ডার বলেন, ‘এটাই মেনে নিয়েই এখানে এসেছি।’
আয়োজকদের ভাষ্য, ‘ফ্রিডম ২৫০’ মেলার উদ্দেশ্য যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ’ হিসেবে গড়ে তোলা মানুষ ও উদ্ভাবনকে তুলে ধরা।
তবে অনুষ্ঠানটি রাজনৈতিক বিতর্কও তৈরি করেছে। ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কয়েকটি অঙ্গরাজ্য এতে প্রতিনিধি পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নির্ধারিত অনেক শিল্পীও অংশগ্রহণ থেকে সরে দাঁড়িয়েছেন। ট্রাম্প গত ২৪ জুন এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।
শুরুর দিকে দর্শনার্থীর উপস্থিতি কম থাকলেও সাম্প্রতিক দিনগুলোতে ভিড় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে প্রবেশপথে কয়েক ব্লকজুড়ে দীর্ঘ সারি তৈরি হয়। এদিকে অনুষ্ঠানস্থলের কাছাকাছি থাকা স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন-এর জাদুঘরের উপহারসামগ্রী বিক্রয়কেন্দ্র ও রেস্তোরাঁয় শুক্রবার প্রায় রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছে।
‘ফ্রিডম ২৫০’-এর অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে রক্ষণশীল খ্রিস্টান বক্তাদের নিয়ে ধর্মীয় সমাবেশ, বিভিন্ন ক্রীড়া আয়োজন এবং আগামী আগস্টে ওয়াশিংটনে একটি ইন্ডিকার মোটর রেস।
এ ছাড়া সংগঠনটির ‘ফ্রিডম ট্রাকস’ কর্মসূচি নিয়েও সমালোচনা রয়েছে। সমালোচকদের অভিযোগ, এতে যুক্তরাষ্ট্রের ইতিহাসকে অতিরিক্ত ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে এবং দাসপ্রথা ও বর্ণবৈষম্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এড়িয়ে যাওয়া হয়েছে।
রয়টার্স ও ইপসোস-এর যৌথ জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিন নাগরিক মনে করেন, যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকীর উদ্যাপন প্রয়োজনের তুলনায় বেশি রাজনৈতিক হয়ে উঠেছে। ডেমোক্র্যাট সমর্থকদের প্রায় তিন-চতুর্থাংশ এবং রিপাবলিকান সমর্থকদের অর্ধেক একই মত দিয়েছেন।
২৫০তম বার্ষিকীকে সামনে রেখে ট্রাম্প ওয়াশিংটনের বিভিন্ন স্থাপনা সংস্কারের উদ্যোগ নিলেও তার সব পরিকল্পনা সফল হয়নি। অনেক ঝরনা ও ভাস্কর্য সংস্কার করা হলেও ১ কোটি ৫০ লাখ ডলারের লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুল সংস্কার প্রকল্প নানা সমস্যায় পড়েছে। বর্তমানে সেখানে নিরাপত্তা ক্যামেরা ও সেনা মোতায়েন থাকলেও পানিতে শেওলা এবং অবকাঠামোর বিভিন্ন অংশে ক্ষয়ের চিহ্ন রয়ে গেছে।
সূত্র: রয়টার্স
এমএস/