দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত একজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। দুই দেশের মধ্যে স্থায়ী শান্তির পথ তৈরির লক্ষ্যে নতুন চুক্তি স্বাক্ষরের একদিন পরই এ হামলার ঘটনা ঘটল।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, শনিবার (২৭ জুন) দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ আল-ফাওকা শহরে একটি ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হন। পরে একই এলাকায় আরও কয়েকটি হামলায় অন্তত দুজন আহত হন।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের বাহিনীর জন্য হুমকি হয়ে ওঠা এক ব্যক্তিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।
এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত নতুন চুক্তি প্রত্যাখ্যান করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটির মহাসচিব নাইম কাসেম অভিযোগ করেন, এই চুক্তির মাধ্যমে বৈরুত সরকার লেবাননের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করেছে।
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনে হওয়া চুক্তিকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে বলেন, এটি ‘ইরান ও হিজবুল্লাহর জন্য বড় ধাক্কা’।
চার দফার এই কাঠামোগত চুক্তি অনুযায়ী, ইসরায়েল দক্ষিণ লিতানি এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে এবং ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নেবে লেবাননের সেনাবাহিনী। তবে দক্ষিণ লেবাননের সম্প্রসারিত একটি নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি বাহিনী অবস্থান চালিয়ে যেতে পারবে।
হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম শনিবার এক ভাষণে বলেন, ‘ওয়াশিংটনের এই কাঠামোগত চুক্তি অপমানজনক, লজ্জাজনক এবং সার্বভৌমত্বের আত্মসমর্পণের শামিল। এই চুক্তি বাতিল ও অকার্যকর।’
তিনি আরও অভিযোগ করেন, ইসরায়েলের সেনা প্রত্যাহারকে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের সঙ্গে যুক্ত করা হয়েছে, যা ‘সব লাল রেখা অতিক্রম করেছে’। তার দাবি, সরকার মারাত্মক ভুল করেছে এবং এর ফলে ভবিষ্যতে লেবাননের ভূখণ্ড দখলের পথও তৈরি হতে পারে। তিনি হিজবুল্লাহর সশস্ত্র প্রতিরোধ অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন।
এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে দীর্ঘমেয়াদি অবস্থানের প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২ মার্চ ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর নতুন করে সংঘাত শুরু হয়। এর জবাবে লেবাননজুড়ে বিমান হামলা এবং দক্ষিণাঞ্চলে স্থল অভিযান চালায় ইসরায়েল।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ১৯২ জন নিহত, ১১ হাজার ৬০০ জনের বেশি আহত এবং প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
অন্যদিকে, ইসরায়েলের দাবি, এই সংঘাতে তাদের ৩৬ সেনাসদস্য ও চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যকর হয়নি। পরে জুনে উভয় দেশ নতুন করে যুদ্ধবিরতি নবায়নে সম্মত হয়। নতুন চুক্তির আওতায় দক্ষিণ লেবাননের কয়েকটি পরীক্ষামূলক এলাকায় লেবাননের সেনাবাহিনী এককভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সূত্র: বিবিসি
এমএস/