দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছয় দেশের নাগরিক ও তাদের সঙ্গে থাকা পরিবারের সদস্যদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা সম্প্রসারণ করেছে সংযুক্ত আরব আমিরাত।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার সাধারণ পাসপোর্টধারী নাগরিকরা আমিরাতে পৌঁছেই ১৪ দিন বা ৬০ দিনের ভিসা নিতে পারবেন। তবে এ সুবিধা পেতে হলে তাদের যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য রাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অথবা কানাডা কর্তৃক প্রদত্ত বৈধ আবাসিক অনুমতিপত্র থাকতে হবে। তাদের সঙ্গে থাকা পরিবারের সদস্যরাও এ সুবিধার আওতায় থাকবেন।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অন-অ্যারাইভাল ভিসা কর্মসূচির আওতা বাড়ানোর এই উদ্যোগ দেশটির নমনীয় প্রবেশ ও আবাসন কাঠামোর প্রতিফলন। একই সঙ্গে এটি ভ্রমণ সহজতর করার এবং আগত দর্শনার্থীদের জন্য নির্বিঘ্ন ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ সিদ্ধান্ত বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে সহায়ক হবে। পাশাপাশি সংশ্লিষ্ট দেশের নাগরিকরা আমিরাতের বৈচিত্র্যময় সংস্কৃতি, বিশ্বমানের পর্যটন সুবিধা, গতিশীল অর্থনীতি, আকর্ষণীয় ব্যবসায়িক পরিবেশ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত অবকাঠামো সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভ্রমণকারীদের যাতায়াত সহজ করা, কনস্যুলার কার্যক্রম আরও গতিশীল করা এবং ব্যবসা, বিনিয়োগ, উদ্যোক্তা কার্যক্রম ও মেধাবী জনশক্তির জন্য আমিরাতকে অন্যতম বৈশ্বিক গন্তব্য হিসেবে আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট জাতীয় কর্তৃপক্ষগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত থাকবে।
ফেডারেল পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সংশোধনী আমিরাতের ভিসা কাঠামো উন্নয়ন, সুবিধাভোগীর পরিধি সম্প্রসারণ এবং ভ্রমণ, পর্যটন ও মানুষের চলাচলসংক্রান্ত আন্তর্জাতিক সেরা চর্চার সঙ্গে সেবাগুলোকে সামঞ্জস্যপূর্ণ করার প্রচেষ্টার অংশ।
কর্তৃপক্ষের মতে, এ সিদ্ধান্ত অংশীদার দেশগুলোর সঙ্গে সহযোগিতা আরও জোরদার করবে এবং আবাসন, পর্যটন ও ভ্রমণসংক্রান্ত বৈশ্বিক প্রতিযোগিতা সূচকে আমিরাতের শীর্ষ অবস্থানকে আরও শক্তিশালী করবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪ দিনের ভিসা একবার নবায়ন করা যাবে। তবে ৬০ দিনের ভিসা এককালীন অবস্থানের জন্য দেওয়া হবে এবং এটি নবায়নযোগ্য নয়। উভয় ধরনের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ভিসাধারীদের দেশ ত্যাগ করতে হবে। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে প্রতিদিন ৫০ দিরহাম হারে জরিমানা গুনতে হবে।
১৪ দিনের ভিসা ইস্যুর মোট ফি ১০০ দিরহাম এবং ৬০ দিনের ভিসা ইস্যুর মোট ফি ২৫০ দিরহাম নির্ধারণ করা হয়েছে।
/অ