দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে ইচ্ছুক সব জাহাজের মালিক ও অধিনায়কদের জন্য নতুন শর্ত আরোপ করেছে ইরান। দেশটি জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই নৌপথে প্রবেশের আগে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে এবং অনুমতিপত্র ও বীমা নিতে হবে।
শুক্রবার নবগঠিত পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ (পিজিএসএ) এক বিবৃতিতে জানায়, বাণিজ্যিক জাহাজের ‘নিরাপদ চলাচল’ নিশ্চিত করতে সব জাহাজকে নতুন নিয়ম ও শর্ত মেনে চলতে হবে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলতি সপ্তাহে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে উল্লেখিত ৬০ দিনের সময়সীমা পর্যন্ত নিবন্ধন ও বীমা সেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে এই সময় শেষ হওয়ার পর ইরান এ খাতে ফি আরোপ করতে পারে বলে ইঙ্গিত দিয়েছে।
পিজিএসএ জানিয়েছে, ‘৬০ দিনের এই সময়ের মধ্যে নিরাপত্তা, সুরক্ষা ও পরিবেশগত সেবার জন্য কোনো ধরনের ফি জাহাজ মালিকদের কাছ থেকে নেওয়া হবে না। এসব ব্যয় বহন করবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার।’
এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, প্রথম ৬০ দিন এবং পরবর্তীতেও হরমুজ প্রণালি ‘টোলমুক্ত’ থাকবে। তবে ইরানের সম্ভাব্য ফি আরোপের বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
এদিকে পিজিএসএ আরও সতর্ক করেছে, সমুদ্রে পুঁতে রাখা মাইন এড়িয়ে চলতে সব জাহাজকে নির্ধারিত রুট অনুসরণ করতে হবে। নির্দেশনা অমান্য করলে এর দায়ভার সম্পূর্ণভাবে জাহাজ মালিকদের ওপর বর্তাবে।
কয়েক মাস ধরে হামলার আশঙ্কায় সীমিত হয়ে থাকা জাহাজ চলাচল সাম্প্রতিক সময়ে আবার বাড়তে শুরু করেছে। সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান এএক্সএস মেরিনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার হরমুজ প্রণালি দিয়ে ২৫টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে, যা এপ্রিলের পর এক দিনে সর্বোচ্চ।
সূত্র: সিএনএন
এমএস/