দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লেবাননের দক্ষিণাঞ্চলে শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ। নাবাতিয়েহ ও বিন্ত জবাইল শহরে এসব হামলা চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বুধবার ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও তা বাস্তবে ভঙ্গের মুখে পড়েছে। ওই চুক্তিতে বলা হয়েছিল, হিজবুল্লাহর সব ধরনের হামলা বন্ধ এবং দক্ষিণ লিতানি নদীর এলাকায় সংগঠনটির সব সদস্য প্রত্যাহার নিশ্চিত করতে হবে।
তবে হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম এই যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে সম্পূর্ণ যুদ্ধবিরতি এবং লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী লিতানি নদীর উত্তরে একাধিক গ্রাম এবং সারাফান্দ ও সাকসাকিয়ে উপকূলীয় এলাকার বাসিন্দাদের সরে যেতে সতর্ক করেছে। আইডিএফের আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় বলেন, নিরাপত্তার স্বার্থে বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছেড়ে অন্তত এক কিলোমিটার দূরে সরে যেতে হবে।
লেবাননের এনএনএ জানিয়েছে, এই সতর্কতার পর ব্যাপক জনপালায়ন শুরু হয়েছে।
আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি জানিয়েছে, চলতি বছর লেবাননে প্রায় ১২ লাখ ৪০ হাজার মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়তে পারে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
এদিকে যুদ্ধবিরতি প্রত্যাখ্যানের পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, লেবাননে সংঘাত থামাতে অগ্রগতি হয়েছে। তিনি বলেন, হিজবুল্লাহ তাদের সঙ্গে যোগাযোগ করে যুদ্ধ থামানোর বিষয়ে আগ্রহ দেখিয়েছে।
ট্রাম্প আরও জানান, তিনি এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন।
এমএস/