দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ অনুষ্ঠানে অস্ত্রসহ প্রবেশের চেষ্টার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত ৩১ বছর বয়সী কোল টোমাস অ্যালেন সোমবার ওয়াশিংটন ডিসির আদালতে হাজির হন। তার বিরুদ্ধে প্রেসিডেন্টকে হত্যাচেষ্টা এবং দুটি অস্ত্র আইনে অভিযোগ আনা হয়েছে। তবে তিনি কোনো দোষ স্বীকার করেননি।
প্রসিকিউটরদের অভিযোগ, একটি সেমি-অটোমেটিক পিস্তল, পাম্প-অ্যাকশন শটগান ও তিনটি ছুরি নিয়ে তিনি নিরাপত্তা চৌকি অতিক্রম করে অনুষ্ঠানে ঢোকার চেষ্টা করেন। এ সময় গুলির ঘটনায় সিক্রেট সার্ভিসের এক সদস্য আহত হন, তবে বুলেটপ্রুফ ভেস্ট থাকায় তিনি প্রাণে বেঁচে যান।
ঘটনার সময় ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনার পর হোয়াইট হাউসের নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়ন শুরু হয়েছে।
আদালতে শুনানিতে বলা হয়, অভিযুক্ত ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে একাধিক অঙ্গরাজ্য পাড়ি দিয়ে ওয়াশিংটনে আসেন। ২১ এপ্রিল ক্যালিফোর্নিয়া থেকে রওনা হয়ে শিকাগো হয়ে ২৪ এপ্রিল ওয়াশিংটনে পৌঁছান তিনি।
তদন্তকারীরা জানান, হামলার আগে পরিবারের কাছে পাঠানো এক ইমেইলে প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
দোষী প্রমাণিত হলে প্রেসিডেন্ট হত্যাচেষ্টার অভিযোগে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এছাড়া অস্ত্র সংক্রান্ত দুই অভিযোগে সর্বোচ্চ আরও ১০ বছর করে কারাদণ্ডের বিধান রয়েছে। আগামী বৃহস্পতিবার তাকে আবার আদালতে তোলা হবে।
এ ঘটনায় আরও অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন। একইসঙ্গে প্রেসিডেন্টের নিরাপত্তা প্রটোকল পর্যালোচনায় বৈঠক ডাকছে হোয়াইট হাউস।
সূত্র: বিবিসি
এমএস/