দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানি মানবাধিকারকর্মী ও ২০২৩ সালে শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদিকে সাত বছরেরও বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে।
স্থানীয় সময় রোববার (৮ ফেব্রুয়ারি) নার্গিস ফাউন্ডেশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর আল জাজিরা
বিবৃতিতে বলা হয়, ৫৩ বছর বয়সী মোহাম্মাদি এক সপ্তাহ ধরে অনশনে ছিলেন, যা রোববার শেষ হয়। বিবৃতিতে আরও বলা হয়, কারাগার থেকে রোববার তার আইনজীবী মোস্তাফা নিলিকে ফোন করে মোহাম্মাদি জানান, শনিবার তিনি তার সাজা সম্পর্কে জানতে পেরেছেন।
নিলি সংবাদ সংস্থা এএফপিকে জানান, ‘অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও যোগসাজশের অভিযোগে তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।’
এছাড়া, প্রচারমূলক কর্মকাণ্ডের জন্য তাকে আরও দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং দুই বছরের জন্য তাকে দক্ষিণ খোরাসান প্রদেশের পূর্বাঞ্চলীয় শহর খোসফে নির্বাসনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে আইনজীবী জানান।
প্রতিবেদন অনুযায়ী, তাকে দুই বছরের জন্য বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, ইরানের আইনজীবী খসরু আলিকর্দির রহস্যজনক মৃত্যুর নিন্দা জানানোর পর গত ১২ ডিসেম্বর মোহাম্মাদিকে গ্রেপ্তার করা হয়।
তৎকালীন প্রসিকিউটর হাসান হেমাতিফার সাংবাদিকদের বলেন, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে আলিকর্দির স্মরণসভায় মোহাম্মাদি উসকানিমূলক বক্তব্য দেন এবং উপস্থিত জনতাকে ‘নিয়মবহির্ভূত স্লোগান দিতে’ ও ‘শান্তি বিঘ্নিত করতে’ উসকানি দেন।
নিলি জানান, রায়টি চূড়ান্ত নয় এবং এর বিরুদ্ধে আপিল করা যেতে পারে। তিনি আশা প্রকাশ করেন, মোহাম্মাদির শারীরিক অসুস্থতার কারণে তাকে চিকিৎসা নেওয়ার জন্য সাময়িকভাবে ‘জামিনে মুক্তি’ দেওয়া হতে পারে।
নার্গিস মোহাম্মাদি শিরিন এবাদির পর দ্বিতীয় ইরানি নারী, যিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। শিরিন এবাদি ২০০৩ সালে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কাজের জন্য এই পুরস্কার লাভ করেন।
একজন খ্যাতনামা লেখক ও সাংবাদিক হিসেবে মোহাম্মাদি ডিফেন্ডার্স অব হিউম্যান রাইটস সেন্টার (ডিএইচআরসি)-এর উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সংগঠনটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক বন্দিদের পক্ষে কাজ করে আসছে এবং ইরানে বৃহত্তর মানবাধিকার সংস্কারের পক্ষে সোচ্চার।
নারী অধিকার রক্ষার পাশাপাশি তিনি মৃত্যুদণ্ড ও দুর্নীতির বিরুদ্ধে জোরালো প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নোবেল কমিটি ২০২৩ সালে জানায়, নারীদের অধিকারের জন্য তার ২০ বছরের সংগ্রাম তাকে স্বাধীনতার প্রতীকে পরিণত করেছে।
এবি/