দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানে হামলা নিয়ে গোয়েন্দা তথ্য সরবরাহ ও উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান জেনারেল শ্লোমি বিন্ডার।
গত মঙ্গলবার ও বুধবার পেন্টাগন, সিআইএ-হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক করেন।
সংশ্লিষ্ট দুই মার্কিন কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
জানা গেছে, এই সফরের মূল উদ্দেশ্য ছিল ট্রাম্প প্রশাসনের অনুরোধে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য সরবরাহ করা—এর মধ্যে ইরানের ভেতরে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু সম্পর্কিত তথ্যও রয়েছে।
এদিকে, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানও যুক্তরাষ্ট্রে রয়েছেন। বৃহস্পতিবার ও শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, দূত স্টিভ উইটকফ এবং পেন্টাগনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। এ বৈঠকের মাধ্যমে ইরান ইস্যুতে কূটনৈতিক উপায়ে সমাধানের ওপর জোর দেবেন বলে ধারণা করা হচ্ছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রিন্স খালিদ ও তার সঙ্গে থাকা প্রতিনিধিদল ওয়াশিংটনে পৌঁছেছেন। এই সফরের লক্ষ্য হলো ‘দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও তা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করা, পাশাপাশি পারস্পরিক আগ্রহের বিষয় ও ইস্যুগুলো নিয়ে কথা বলা।’
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বার্তা আদান–প্রদানে ভূমিকা রাখা সৌদি আরব আগেই জানিয়েছে, ইরানে হামলার ক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না।
এই কূটনৈতিক তৎপরতা এমন এক সময়ে হচ্ছে, যখন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপসহ মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন এসে পৌঁছেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী, ভেনেজুয়েলায় মোতায়েন করা নৌবহরের চেয়েও এটি অনেক বড়।
একজন মার্কিন কর্মকর্তা বলেন, ‘এই মুহূর্তে নির্দেশনা হলো প্রস্তুতি নেওয়া।’ এতে ইঙ্গিত দেয়, ‘প্রেসিডেন্ট দ্রুত সামরিক পদক্ষেপের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছেন।’
ট্রাম্প দেরি হয়ে যাওয়ার আগেই ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি করতে বলেছেন। সতর্ক করে দিয়ে বলেছেন, ‘এবার হামলা হলে তা হবে অনেক বেশি ভয়াবহ।’
এবি/