দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ‘স্থিতিশীলতা ও পুনর্গঠনের লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চেয়ারম্যান করে ‘বোর্ড অব পিস’ গঠন করেছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউস গাজার জন্য ট্রাম্প প্রশাসনের নতুন এ ‘বোর্ড অব পিস’ বা ‘শান্তি পর্ষদ’-এর সদস্যদের নাম প্রকাশ করেছে।
অন্তর্বর্তী প্রশাসনের এ নির্বাহী বোর্ড প্রযুক্তিবিদদের (টেকনোক্র্যাট) কমিটির কাজ তদারক করবে, যাদের দায়িত্ব হবে গাজার অস্থায়ী শাসনব্যবস্থা ও পুনর্গঠন।
হোয়াইট হাউস জানিয়েছে, নির্বাহী বোর্ডের প্রতিটি সদস্য গাজার ‘স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’ কোনো না কোনো দায়িত্ব বা খাতের নেতৃত্ব দেবেন। তবে এখনো স্পষ্ট করা হয়নি, কে কোন অগ্রাধিকারভিত্তিক বিষয়ে দায়িত্বে থাকবেন।
এই শীর্ষ পর্যায়ে এখন পর্যন্ত কোনো নারী বা কোনো ফিলিস্তিনি সদস্যের নাম ঘোষণা করা হয়নি। তবে হোয়াইট হাউস বলেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে অতিরিক্ত সদস্যদের নাম জানানো হবে।
তাহলে, প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ডে কারা আছেন— জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
টনি ব্লেয়ার
সাবেক যুক্তরাজ্য প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাম আগে থেকেই ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর সম্ভাব্য সদস্য হিসেবে আলোচিত ছিল। গত সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নিজেই নিশ্চিত করেন যে ব্লেয়ার এই সংস্থায় যোগদানের আগ্রহ প্রকাশ করেছিলেন।
লেবার পার্টির সাবেক নেতা ব্লেয়ার ১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন এবং ২০০৩ সালে দেশকে ইরাক যুদ্ধে জড়িয়ে পড়তে নেতৃত্ব দেন—এই সিদ্ধান্তের কারণে বোর্ডে তার উপস্থিতি অনেকের কাছে বিতর্কিত হতে পারে।
সরকারি দায়িত্ব ছাড়ার পর তিনি ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে নিয়ে গঠিত ‘কোয়ার্টেট’-এর মধ্যপ্রাচ্য দূত হিসেবে কাজ করেন।
টনি হলেন নির্বাহী বোর্ডের একমাত্র প্রতিষ্ঠাতা সদস্য, যিনি মার্কিন নাগরিক নন। তিনি আগে ট্রাম্পের গাজা-সংক্রান্ত পরিকল্পনাকে ‘দুই বছরের যুদ্ধ, দুর্দশা ও দুর্ভোগের অবসানের সেরা সুযোগ’ বলে বর্ণনা করেছিলেন।
মার্কো রুবিও
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিও ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতিতে কেন্দ্রীয় ভূমিকা পালন করছেন। ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার আগে রুবিও গাজায় যুদ্ধবিরতির বিরোধিতা করে বলেছিলেন, তিনি চান ইসরায়েল যেন ‘হামাসের যত উপাদান সম্ভব ধ্বংস করে।’
তবে পরে তিনি অক্টোবরে স্বাক্ষরিত ইসরায়েল–হামাস যুদ্ধবিরতির প্রথম ধাপকে ‘সেরা’ ও ‘একমাত্র’ পরিকল্পনা হিসেবে প্রশংসা করেন। এছাড়া অক্টোবরে তিনি অধিকৃত পশ্চিম তীরে সংযুক্তিকরণ (অ্যানেক্সেশন) সংক্রান্ত ইসরায়েলি পার্লামেন্টের একটি পদক্ষেপের সমালোচনাও করেন।
স্টিভ উইটকফ
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ—যিনি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং ট্রাম্পের গলফ খেলার সঙ্গী—বোর্ডের আরেক সদস্য।
চলতি মাসের শুরুতে উইটকফ গাজায় যুদ্ধ শেষ করার ট্রাম্পের পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দেন। তিনি জানান, এই ধাপে গাজার পুনর্গঠন ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত থাকবে—এর মধ্যে হামাসের অস্ত্র সমর্পণও রয়েছে।
তিনি আরও বলেন, হামাস যদি চুক্তির অধীনে তাদের দায়বদ্ধতা “সম্পূর্ণভাবে” পালন না করে, তবে তাদের “গুরুতর পরিণতির” মুখোমুখি হতে হবে।
উইটকফ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায়ও যুক্তরাষ্ট্রের উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যার মধ্যে ডিসেম্বর মাসে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার পাঁচ ঘণ্টার বৈঠকও অন্তর্ভুক্ত।
জ্যারেড কুশনার
মার্কিন প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনারও ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উইটকফের সঙ্গে মিলিতভাবে কুশনার প্রায়ই রাশিয়া–ইউক্রেন এবং ইসরায়েল–গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন।
নভেম্বরে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে শান্তি চুক্তির গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
২০২৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় কুশনার বলেন, ‘গাজার সমুদ্রতীরবর্তী সম্পত্তি খুবই মূল্যবান হতে পারে… যদি মানুষ জীবিকা গড়ে তোলার দিকে মনোযোগ দেয়।’
মার্ক রোয়ান
বিলিওনিয়ার ব্যবসায়ী মার্ক রোয়ান নিউইয়র্কভিত্তিক বৃহৎ প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট-এর সিইও। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তিনি মার্কিন অর্থমন্ত্রী হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবেও বিবেচিত হয়েছিলেন।
অজয় বাঙ্গা
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা তার দীর্ঘ কর্মজীবনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ অনেক শীর্ষ মার্কিন রাজনীতিবিদকে পরামর্শ দিয়েছেন।
১৯৫৯ সালে ভারতে জন্ম নেওয়া বাঙ্গা ২০০৭ সালে মার্কিন নাগরিকত্ব লাভ করেন এবং পরে এক দশকেরও বেশি সময় মাস্টারকার্ডের সিইও হিসেবে দায়িত্ব পালন করেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে ২০২৩ সালে বিশ্বব্যাংকের নেতৃত্বে মনোনীত করেন।
রবার্ট গ্যাব্রিয়েল
রবার্ট গ্যাব্রিয়েল, একজন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ‘প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ড’-এর শেষ সদস্য।
তিনি ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা থেকে ট্রাম্পের সঙ্গে কাজ করে আসছেন। পিবিএসের তথ্য অনুযায়ী, এর কিছুদিন পরই তিনি ট্রাম্পের আরেক গুরুত্বপূর্ণ উপদেষ্টা স্টিফেন মিলারের বিশেষ সহকারী হন।
নিকোলাই ম্লাদেনভ
হোয়াইট হাউস জানিয়েছে, বুলগেরিয়ান রাজনীতিবিদ ও সাবেক জাতিসংঘ মধ্যপ্রাচ্য দূত নিকোলাই ম্লাদেনভ গাজায় বোর্ডের মাঠপর্যায়ের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিনি যুদ্ধোত্তর গাজার দৈনন্দিন শাসন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ১৫ সদস্যের একটি ফিলিস্তিনি প্রযুক্তিবিদ কমিটি—ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা—এর কাজ তদারক করবেন।
এই নতুন কমিটির প্রধান হবেন আলি শা’আথ, যিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী ছিলেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিম তীরের (যে অংশগুলো ইসরায়েলের সরাসরি নিয়ন্ত্রণে নেই) সেসব এলাকা শাসন করে।
এবি/