দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠকের কথা জানিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এবার বৈঠকের বিষয়ে ভারতের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ প্রসঙ্গে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করেন সেই দেশের এক সাংবাদিক।
জবাবে বৈঠকের কথা স্বীকার করে মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। আমাদের হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিত বিভিন্ন সংলাপে অংশ নেন। আপনি যে দলটির কথা বললেন (জামায়াত) তাদের সঙ্গে বৈঠককে সে প্রেক্ষাপটেই দেখা উচিত।’
এর আগে গত ১ জানুয়ারি ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠকের বিষয়ে জানান।
রয়টার্সের খবরে বলা হয়, বাংলাদেশে আগামী নির্বাচনের পর যেসব দল সরকার গঠন করতে পারে তাদের সঙ্গে ভারত তাদের যোগাযোগের পরিধি বাড়িয়েছে। এমন সময় জামায়াত আমির নিশ্চিত করেছেন ইতোপূর্বে এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হয়েছে। যদিও অন্যান্য দেশের কূটনীতিকরা তার সঙ্গে প্রকাশ্যে দেখা করেছেন। কিন্তু ভারতীয় কর্মকর্তা জামায়াত আমিরের সঙ্গে হওয়া বৈঠকের বিষয়টি গোপন রাখতে বলেছেন।
জামায়াত আমির দাবি করেছেন, ভারতীয় ওই কূটনীতিকই তাকে বৈঠকটি গোপন রাখতে বলেছেন। এজন্য এটি গোপন রাখা হয়েছে।
ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠকের ব্যাপারে ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের সবাইকে অবশ্যই একে অপরের সঙ্গে খোলামেলা হতে হবে। আমাদের সম্পর্ক ভালো করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।’
এবি/