দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ এখন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে দেশটির সরকার। নিহতের সংখ্যা কমপক্ষে ৫৪৪ জনে পৌঁছানোর পরও পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
সোমবার তেহরানে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ‘পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।’ তবে তিনি বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন। কোনো নির্দিষ্ট প্রমাণ না দিলেও তার অভিযোগ, এসব শক্তির উসকানিতেই আন্দোলন সহিংস ও রক্তক্ষয়ী রূপ নিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আরাঘচি দাবি করেন, ‘বিক্ষোভকে সহিংস করে তোলাই ছিল মার্কিন প্রেসিডেন্টকে হস্তক্ষেপের অজুহাত দেওয়ার উদ্দেশ্য।’ ইন্টারনেট সংযোগ বন্ধ থাকা সত্ত্বেও কাতারভিত্তিক এই গণমাধ্যমকে ইরানের ভেতর থেকে সরাসরি সংবাদ প্রচারের অনুমতি দেওয়া হয়েছে।
একই দিন ইরানের সরকার সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানায়। সরকারপন্থী এই সমাবেশকে চলমান বিক্ষোভের জবাব এবং শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক আন্দোলন সরাসরি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসনকে চ্যালেঞ্জ জানিয়েছিল।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে সরকারপন্থী সমাবেশে অংশ নেওয়া লোকজনকে ‘মৃত্যু আমেরিকার’, ‘মৃত্যু ইসরায়েলের’ স্লোগান দিতে দেখা যায়।
সূত্র: এপি
এমএস/