দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ বর্ণাঢ্য জীবন শেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তবে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন এ নেত্রীর মৃত্যুতে শোকাহত পুরো দেশ। তার মৃত্যুর খবর প্রচারিত হয়েছে দেশের সবগুলো গণমাধ্যমে। দেশের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমও গুরুত্বের সঙ্গে প্রচার করছে বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর খবর।
‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেলেন’ শিরোনামে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিনের অসুস্থতার পর দেশের রাজধানী ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন।
‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেলেন’ শিরোনামে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, যার সঙ্গে শেখ হাসিনার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এক প্রজন্ম ধরে দেশের রাজনীতিকে প্রভাবিত করেছে, তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। মঙ্গলবার তার রাজনৈতিক দল এ তথ্য জানিয়েছে।
প্রায় একই শিরোনামে বিবিসির খবরে বলা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন। দীর্ঘদিনের অসুস্থতার পর তিনি মৃত্যুবরণ করেন।
১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে নেতৃত্ব দিয়ে টানা ২০ বছর পর অনুষ্ঠিত দেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী হয়ে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী সরকারপ্রধান হন। ২০০১ সালে তিনি আবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং ২০০৬ সালের অক্টোবরে সাধারণ নির্বাচনের আগে পদত্যাগ করেন।
সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও শেখ হাসিনার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন। এক প্রজন্ম ধরে বাংলাদেশের রাজনীতিকে প্রভাব ফেলা শেখ হাসিনার কঠোর রাজনৈতিক বিরোধিতার জন্য পরিচিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। মঙ্গলবার এক বিবৃতিতে তার দল জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন। দীর্ঘদিনের অসুস্থতায় ভুগে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মঙ্গলবার সকাল ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক বিবৃতিতে জানিয়েছে।
অনেকের ধারণা ছিল, আগামী বছরের নির্বাচনে তিনি আবারও বড় ব্যবধানে বিজয় অর্জন করে দেশের নেতৃত্ব দিতেন।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন শিরোনামে রয়টার্সের খবরে বলা হয়, বাংলাদেশের বিরোধী দল বিএনপি মঙ্গলবার জানায় যে দীর্ঘদিনের অসুস্থতার কারণে তিনি মৃত্যুবরণ করেছেন। তার চিকিৎসকেরা জানিয়েছেন, কিডনির জটিলতা, ডায়াবেটিস, ও হৃদরোগজনতি সমস্যায় ভুগছিলেন খালেদা জিয়া।
পাকিতস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে দীর্ঘ অসুস্থতার পর মারা গেছেন। মঙ্গলবার তার দল বিএনপি মৃত্যুর খবর জানায়। চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়া লিভার সিরোসিস, ডায়াবেটিস, হৃদরোগের সমস্যায় ভুগছিলেন।
‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন’ শিরোনামে নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, তিনি দীর্ঘকাল ধরে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে অন্যতম এক নারী নেতৃত্ব।
রাজধানী ঢাকার এক হাসপাতালে মঙ্গলবার তিনি মারা যান। খালেদা জিয়ার দল বিএনপি তার মৃত্যুর খবর তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে একটি বিবৃতিতে জানিয়েছে।
এবি/