দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন কল অব ডিউটির স্রষ্টা ভিন্স জ্যাম্পেলা। দুর্ঘটনার সময় ভিন্স নিজেই গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সময় রোববার (২১ ডিসেম্বর) দুপুর প্রায় ১২টা ৪৫ মিনিট (পিএসটি) সময় লস অ্যাঞ্জেলেসের একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি
প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িতে তার সঙ্গে আরও একজন ছিলেন। দুর্ঘটনার সময় ওই ব্যক্তি গাড়ি থেকে ছিটকে পড়েন এবং পুলিশ পৌঁছানোর পর তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে এনবিসি নিউজের মতে, সেই যাত্রীও মারা গেছেন।
দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।
৫৫ বছর বয়সী ভিন্স জ্যাম্পেলা ছিলেন একজন ভিডিও গেম ডিজাইনার এবং রেসপন এন্টারটেইনমেন্ট ও রিপল ইফেক্ট স্টুডিওসের প্রধান। তার আগের স্টুডিও ইনফিনিটি ওয়ার্ডের অধীনেই কল অব ডিউটি তৈরি হয়েছিল। তিনি একসময় ইনফিনিটি ওয়ার্ডের সিইও ছিলেন।
ইলেকট্রনিক আর্টসের এক মুখপাত্র বিবিসিকে বলেন, “এটি এক অকল্পনীয় ক্ষতি। ভিন্সের পরিবার, প্রিয়জন এবং তার কাজের মাধ্যমে যারা প্রভাবিত হয়েছেন—সবার প্রতি আমাদের সমবেদনা।’
কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়িটির যাত্রী আসন থেকে একজন ছিটকে পড়েন, আর চালক গাড়ির ভেতরেই আটকে পড়েন। জ্যাম্পেলা গাড়িটি চালাচ্ছিলেন কি না এবং অন্য ব্যক্তি কে ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে জানায়, “অজানা কারণে গাড়িটি রাস্তা থেকে সরে গিয়ে একটি কংক্রিট ব্যারিয়ারে ধাক্কা দেয় এবং সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায়।”
২০০৩ সালে ভিন্স জ্যাম্পেলা তার দীর্ঘদিনের সহযোগী জেসন ওয়েস্ট এবং গ্রান্ট কলিয়ারের সঙ্গে কল অব ডিউটি তৈরি করেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাবলি থেকে আংশিক অনুপ্রাণিত এই গেমটি এখন পর্যন্ত ৫০ কোটির বেশি কপি বিক্রি হয়েছে। এতে গেমটির মালিকানা কোম্পানি মাইক্রোসফটের অ্যাক্টিভিশনকে গেমিং শিল্পের অন্যতম লাভজনক কোম্পানিতে পরিণত করেছে। এই ফ্র্যাঞ্চাইজি থেকে একটি লাইভ-অ্যাকশন চলচ্চিত্রও আসছে।
কল অব ডিউটি ছাড়াও জ্যাম্পেলার আরও অনেক সফল কাজ রয়েছে। তিনি মেডাল অব অনার, টাইটানফল এবং এপেক্স লিজেন্ডস-এর মতো জনপ্রিয় গেমের সঙ্গেও যুক্ত ছিলেন।
এবি/