দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির আরও ক্ষমতাবান হলেন। দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি তাকে আগামী পাঁচ বছরের জন্য চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) বা প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। খবর দ্য ডন
বৃহস্পতিবার ‘এক্স’-এ প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সুপারিশের ভিত্তিতে এ নিয়োগ অনুমোদন করেছেন প্রেসিডেন্ট। এতে বলা হয়, ‘ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে সেনাপ্রধানের পাশাপাশি প্রতিরক্ষা বাহিনীর প্রধান পদেও পাঁচ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।’
এই সিদ্ধান্ত আসে এমন এক সময়ে, যখন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মুনিরের হাতে আরও ক্ষমতা হস্তান্তর করবেন কি না—তা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছিল। ২৯ নভেম্বর মুনিরের মূল তিন বছরের সেনাপ্রধানের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। একই দিন চিফ অব ডিফেন্স ফোর্সেস পদে তার নিয়োগের নোটিফিকেশন জারি করার পরিকল্পনা ছিল।
গত মাসেই সংবিধানের ২৭তম সংশোধনী পাসের মাধ্যমে সিডিএফ পদটি সৃষ্টি করা হয়। উদ্দেশ্য— সব সামরিক বাহিনীর কমান্ডকে একীভূত ও কেন্দ্রীভূত করা।
এদিকে, প্রেসিডেন্ট জারদারি পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমদ বাবর সিদ্দিকীর চাকরির মেয়াদ আরও দুই বছর বাড়ানোর অনুমোদন দিয়েছেন। নতুন মেয়াদ কার্যকর হবে ১৯ মার্চ ২০২৬ থেকে।
ফিল্ড মার্শাল খেতাব লাভকারী আসিম মুনির পাকিস্তানের সেনাবাহিনীর ১৭তম প্রধান হিসেবে দায়িত্ব নেন ২০২২ সালের ২৯ নভেম্বর। গত বছর সরকার আর্মি অ্যাক্ট সংশোধন করে তিন বাহিনীর প্রধানদের মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর নির্ধারণ করে। পাশাপাশি পুনর্নিয়োগের সুযোগও পাঁচ বছর পর্যন্ত বাড়ানো হয়।
চলতি বছর মুনির পাকিস্তানের দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল উপাধি লাভ করেন। এর আগে সর্বশেষ ১৯৬৫ সালের ইন্দো-পাক যুদ্ধের সময় নেতৃত্বের জন্য জেনারেল আইয়ুব খান এই সম্মানজনক খেতাব পেয়েছিলেন।