দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আফগানিস্তানের তালেবান সরকার জানিয়েছে, পাকিস্তানি সেনাদের হামলার জবাবে তারা সীমান্ত এলাকায় পাল্টা অভিযান চালিয়েছে। এতে ৫৮ পাকিস্তানি সেনা নিহত ও ৩০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে কাবুল।
রোববার (অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানান, পাকিস্তান বৃহস্পতিবার আফগান সীমান্তের ভেতরে বোমা হামলা চালিয়ে একটি বাজার ধ্বংস করেছে, এর জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি বলেছেন, আফগান বাহিনী ‘উসকানিহীনভাবে’ বেসামরিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা ইটের জবাবে পাথর মারব। আফগানিস্তান আগুন ও রক্ত নিয়ে খেলছে।’
পাকিস্তান আরও অভিযোগ করেছে, আফগানিস্তান পাকিস্তানবিরোধী জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, যারা সীমান্ত পেরিয়ে হামলা চালায়। তবে তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।
বিবিসির খবরে বলা হয়, কুনার-কুররম সীমান্ত অঞ্চলে উভয়পক্ষই ভারী অস্ত্র ও ছোট আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে।
এক পাকিস্তানি নিরাপত্তা সূত্র জানিয়েছে, সংঘর্ষের ঘটনা ঘটেছে আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররম, দির, চিত্রাল ও বারামচা এলাকাতেও।
কুররম জেলার এক পুলিশ কর্মকর্তা জানান, শনিবার রাত ১০টার দিকে আফগান দিক থেকে ভারী অস্ত্রের গোলাগুলি শুরু হয়, যা কয়েক ঘণ্টা স্থায়ী হয়।
বর্তমানে ভারত সফরে থাকা আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন, ‘আমাদের পাকিস্তানের জনগণ বা সরকারের সঙ্গে কোনো সমস্যা নেই। তবে পাকিস্তানের কিছু গোষ্ঠী পরিস্থিতি নষ্ট করতে চাচ্ছে। নিজেদের সীমান্ত রক্ষার অধিকার আমাদের আছে।’
গত সপ্তাহে তালেবান অভিযোগ করেছিল, পাকিস্তান পাকতিকা প্রদেশে একটি বেসামরিক বাজারে বিমান হামলা চালিয়েছে, যাতে কয়েকটি দোকান ধ্বংস হয়।
পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, আফগান ভূখণ্ড পাকিস্তানবিরোধী সন্ত্রাসীদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে।
সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব ও কাতার।
দুই দেশই ইসলামাবাদ ও কাবুলকে ‘সংযম, কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের’ আহ্বান জানিয়েছে।
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৫৮ পাকিস্তানি ও ৯ আফগান তালেবান সদস্য নিহত হয়েছেন। দুই দেশই একে অপরকে সীমান্ত লঙ্ঘন ও বেসামরিকদের উপর হামলার অভিযোগে অভিযুক্ত করছে।
পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
সূত্র: বিবিসি
এমএস/