দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিসহ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বেশ কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের (পিএমডি) ভূমিকম্প পর্যবেক্ষণ নেটওয়ার্ক জানায়, মঙ্গলবার (১৯ আগস্ট) পাকিস্তান সময় সকাল ১০টা ২০ মিনিটে রিখটার স্কেলে ৫.২ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল, মাটির ১৯০ কিলোমিটার গভীরে।
পিএমডি জানায়, ভূমিকম্পের কম্পন ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, সোয়াত, চিত্রাল ও অ্যাবোটাবাদে অনুভূত হয়। এছাড়া পাঞ্জাবের বাহাওয়ালপুর, ডেরা গাজি খান, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, গুজরাট, লাহোর, মুলতান, সাহীওয়াল ও সারগোধা অঞ্চলেও কম্পন টের পাওয়া যায়।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেপির রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল ফয়েজি জানান, জরুরি অবস্থা জারি করা হয়নি।
বিশেষজ্ঞরা জানান, পাকিস্তান তিনটি বড় টেকটোনিক প্লেট, আরবীয়, ইউরো-এশিয়ান ও ভারতীয় প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ফলে দেশটি পাঁচটি ভূমিকম্প প্রবণ জোনের অন্তর্ভুক্ত। একাধিক ফল্ট লাইনের কারণে এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয়।
হিন্দুকুশ অঞ্চল বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা। এখানে ভারতীয় ও ইউরো-এশিয়ান প্লেটের সংঘর্ষে প্রায়ই ভূমিকম্প ঘটে। অনেক সময় গভীরতর ভূমিকম্পও (২০০ কিলোমিটারের বেশি) এই অঞ্চলে আঘাত হানে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে ৫.১ মাত্রার আরেকটি ভূমিকম্প ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও আশপাশের এলাকায় অনুভূত হয়েছিল। তবে সেদিনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সূত্র: দ্য ডন
এমএস/অ