দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আন্তর্জাতিক আদালতের রায়ের পর সিন্ধু পানিবণ্টন চুক্তিতে ফিরে আসতে ভারতকে আহ্বান জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে এ আহ্বান জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সালিশি আদালত (পিসিএ) নির্দেশ দিয়েছেন, সিন্ধু নদীর পানিপ্রবাহ ভারতকে বাধাহীন রাখতে হবে। বিশেষ করে পাকিস্তানের ভেতর দিয়ে প্রবাহিত সিন্ধু অববাহিকার পশ্চিমাঞ্চলীয় তিন নদী—সিন্ধু, ঝিলাম ও চেনাব—এর প্রবাহ অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে আদালত ভারতকে চুক্তিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
পাকিস্তান আশা করছে, ভারত চুক্তি স্বাভাবিক করবে এবং বিশ্বস্ততার সঙ্গে এর শর্তগুলো পালন করবে।
গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় ২৫ জন ভারতীয় ও একজন নেপালি পর্যটক নিহত হন। পাকিস্তানি কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ এ হামলার দায় স্বীকার করে। হামলার পরপরই ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে, ফলে পাকিস্তানের তিন নদীর পানি প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং কৃষি উৎপাদন ঝুঁকিতে পড়ে।
চুক্তি স্থগিতের বিরুদ্ধে পাকিস্তান পিসিএতে মামলা করে। ৮ আগস্ট আদালত রায় দেন, চুক্তি সচল রাখতে হবে এবং ভারতকে এতে ফিরতে হবে। আদালতের এই রায়কে পাকিস্তান স্বাগত জানালেও ভারত এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ভারত-পাকিস্তানের মধ্যে নদীর পানি ব্যবহার নিয়ে বিরোধ বহুদিনের। ১৯৬০ সালের সেপ্টেম্বরে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় দুই দেশ ‘সিন্ধু পানি চুক্তি’ স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, ইরাবতী, বিপাশা ও শতদ্রুর পানি ব্যবহারের অধিকার ভারতের, আর সিন্ধু, ঝিলাম ও চেনাবের অধিকাংশ পানি ব্যবহারের অধিকার পাকিস্তানের।
চুক্তিতে কোনো দেশ একতরফাভাবে তা স্থগিত বা বাতিলের সুযোগ নেই, বরং বিরোধ মীমাংসার সুস্পষ্ট ব্যবস্থা রাখা হয়েছে। পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর নিরবচ্ছিন্ন প্রবাহ পাকিস্তানের কৃষি, শহর ও জ্বালানি ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার বিকল্প তাদের হাতে নেই।
এফএইচ/এমএইচ