দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সীমান্তের দ্বিপাক্ষিক নিয়ন্ত্রণ রেখা বরাবর (এলওসি) পাকিস্তানি সৈন্যদের গোলার আঘাতে ভারতীয় অন্তত ৫০ সৈন্য নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এই দাবি করেছেন বলে দেশটির সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।
পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, কাপুরুষোচিত শত্রুরা অন্ধকারের আড়ালে হামলা করেছে। দেশটির এই মন্ত্রী বলেন, ভারত রাফাল যুদ্ধবিমান নিয়ে গর্ব করছে এবং যা ইচ্ছা তাই করার হুমকি দিয়েছে। তবে পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর সময় ভারত অপমানজনক ও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে।
ভারতকে পাকিস্তানের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দিয়েছে বলে দাবি করেছেন মন্ত্রী তারার। তিনি বলেন, পাকিস্তানি বাহিনী ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি চালিয়ে ভূপাতিত করেছে এবং সেনাবাহিনীর একটি ব্রিগেড সদরদপ্তর গুঁড়িয়ে দিয়েছে। এতে কেবল ভারতের বিমানই পড়েনি বরং দেশটির গর্বও চূর্ণ হয়ে গেছে।
পাকিস্তানের এই তথ্যমন্ত্রী বলেছেন, পাকিস্তানি বাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর ৪০ থেকে ৫০ ভারতীয় সৈন্যকে হত্যা করেছে। ভারত এখনও নিহত সৈন্যদের মৃতদেহ উদ্ধার করতে পারেনি।
তিনি বলেন, আমরা পাকিস্তানে ভারতের সামরিক বাহিনীর ছোড়া ইসরায়েলের তৈরি অন্তত ২৫টি ড্রোনও ভূপাতিত করেছি। পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য ভারত এসব ড্রোন মোতায়েন করেছিল। পাকিস্তানের ক্ষতি করার ভারতীয় প্রচেষ্টা নস্যাৎ হয়েছে এবং দেশটি এখন অপমানের মুখোমুখি হয়েছে।
এদিকে, পাকিস্তানে ভারতের চালানো অপারেশন সিঁদুরে শতাধিক নিহত হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার দুপুরের দিকে রাজধানী নয়াদিল্লিতে সর্বদলীয় এক বৈঠকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই দাবি করেছেন।
এর আগে বুধবার ভারতের সরকারের একাধিক সূত্র পাকিস্তানে হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছিল। সন্ত্রাসী কাজে ব্যবহৃত অবকাঠামো ধ্বংস করে দেওয়ার দাবি জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
/অ