দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম আসামী কসাই জিহাদ হাওলাদারের ফের ১৪ দিনের বিচার বিভাগীয় জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসত জেলা ও দায়রা আদালত এই নির্দেশ দেয়।
গত ২৩ মে জিহাদকে পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। ২৪ মে প্রথমবার তাকে বারাসাত আদালতে তোলা হয়। এরপর মোট ২ দফায় ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। সিআইডি রিমান্ড শেষে গত ৭ জুন আদালতে তোলা হলে প্রথম দফায় ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল বিচারক। সেই মেয়াদ শেষেই শুক্রবার ফের দ্বিতীয় দফায় ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত।
তবে এদিন আদালতে সশরীরে হাজিরা দেয়নি অভিযুক্ত জিহাদ হাওলাদার। বর্তমানে তিনি দমদমের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। সেখান থেকে ভিডিও কনফারেন্সে আসামির সঙ্গে কথা বলে তার বক্তব্য শোনেন এবং পরবর্তী হাজিরার দিন ধার্য করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভঙ্কর বিশ্বাস। সেক্ষেত্রে আগামী ৫ জুলাই ফের তাকে আদালতে তোলা হবে।
অভিযুক্ত জিহাদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৬৪ (হত্যার উদ্দেশ্যে অপহরণ), ৩০২ (অপরাধমূলক নরহত্যা।), ২০১ (তথ্য প্রমাণ লোপাট) এবং ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র)- এই চার জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ মে নিউটাউনের সঞ্জীবা গার্ডেনে এমপি আনারকে খুন করা হয় বলে অভিযোগ। জঘন্য হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বাংলাদেশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান শাহীনের নির্দেশেই এই হত্যাকাণ্ড হয় বলে জানা যায়। মূলত আখতারুজ্জামানের নির্দেশেই কসাই জিহাদ সহ ৪ জন সাংসদকে ওই আবাসনে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ।
খুনের পর কসাই জিহাদই ধারালো অস্ত্র দিয়ে এমপি আনারের শরীর থেকে মাংস আলাদা করে সেগুলোকে ক্যারিব্যাগে ভরে রাখে। পরে সেই লাশের টুকরো গুলোকে দক্ষিণ ২৪ পরগনার জেলার ভাঙ্গড় ব্লকের কৃষ্ণমাটি খাল এলাকায় ফেলা হয়। জিহাদকে জিজ্ঞাসাবাদ করে এমনটাই জানতে পারে তদন্তকারী কর্মকর্তারা। পরবর্তীতে ওই খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু হাড় উদ্ধার করে সিআইডির কর্মকর্তারা। যা দেখে সিআইডি কর্মকর্তা ও ফরেনসিক বিশেষজ্ঞদের অনুমান সেগুলি মানুষের হাড়।
পাশাপাশি সঞ্জীবা গার্ডেনের ওই আবাসনের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয় প্রায় ৪ কেজি মাংস। উদ্ধারকৃত ওই মাংস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে 'সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরী' (CFSL)-এ। CFSL'এর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী পুরুষ মানুষের।
যদিও সেই খণ্ডবিখণ্ড লাশ এমপি আনারের কি না তা জানতে এবার ডিএনএ পরীক্ষা করতে চায় তদন্তকারী কর্মকর্তারা এবং সেলক্ষ্যে ডিএনএর নমুনা দিতে সংসদ সদস্য আনোয়ারুল আজীমের মেয়ে মুমতারিন ফেরদৌসকে ঢাকা থেকে কলকাতার ডেকে পাঠিয়েছে সিআইডি।
সিআইডি সূত্রে দাবি করা হয়েছে নিহত এমপির পরিবারের সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দলও মুমতারিনের সঙ্গে কলকাতায় আসতে চায়। মুমতারিনের ভারতের ভিসা রয়েছে। পুলিশের ওই কর্মকর্তাদের জিও (সরকারি আদেশ) হলেই তারা কলকাতায় আসতে পারবেন। সিআইডির ধারণা আগামী সপ্তাহের শুরুতেই তারা কলকাতায় আসবে চলে আসবেন।
এফএইচ