দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রায় ৯০ শতাংশ ভোট পেয়ে তৃতীয় মেয়াদে মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আবদেল ফাত্তাহ আল-সিসি। এর মধ্য দিয়ে ২০৩০ সাল পর্যন্ত নিজের ক্ষমতা পাকাপোক্ত করলেন তিনি।
সোমবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় এক ঘোষণায় এই তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জানা যায়, মিসরের সাবেক জেনারেল সিসি প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ২০১৪ সালে। এবারের নির্বাচনে ভোটের ৮৯.৬ শতাংশ তিনি একাই পেয়েছেন।
এদিকে মিসরের ন্যাশনাল ইলেকশন অথরিটির প্রধান হাজেম বাদাওয়ি বলেছেন, এবার ভোটদানের হার ছিল অভূতপূর্ব। ৬৭ মিলিয়ন ভোটারের মধ্যে ভোটের হার ছিল ৬৬ দশমিক ৮ শতাংশ।
সে হিসেবে এক দশক ধরে মিসরের ক্ষমতায় থাকা সাবেক সেনাপ্রধান সিসি এবার পেয়েছেন ৩৯ মিলিয়নের বেশি ভোট।
দেশটির সংবিধান অনুসারে, এটিই হবে সিসির শেষ মেয়াদ। এরপর আর তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না।
এবারের নির্বাচনে সিসি ছাড়াও আরও তিনজন প্রার্থী ছিলেন। তবে তাকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো প্রার্থী ছিলো না।ফলে প্রত্যাশিত ভাবেই ভূমিধস বিজয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
প্রসঙ্গত, সাবেক জেনারেল সিসি ২০১৩ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসিকে উৎখাত করে ক্ষমতায় আসেন।
২০১৪ সালে তিনি প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরে ২০১৮ সালেও পুনর্নির্বাচিত হন। উভয় নির্বাচনে তিনি ৯৭ শতাংশ ভোট পেয়েছিলেন।
ডিপি/