দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের বিভিন্ন অংশে শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল সকাল ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির তামিলনাড়ু, কর্ণাটক, গুজরাট ও মেঘালয়ে এই কম্পন অনুভূত হয়।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, দেশটির বিভিন্ন অংশে ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানায় তারা। খবর টাইমস অব ইন্ডিয়া’র।
ভূমিকম্পে এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু এসব অঞ্চলে সিসমিক অ্যাকটিভি বেড়ে যাওয়ায় মানুষজনের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
তামিলনাড়ুর চেঙ্গালপেটে ৩.২ মাত্রার ভূমিকম্প আঘাত করে। স্থানীয় সময় সকাল ৭টা ৩৯ মিনিটে ওই ভূমিকম্প আঘাত হানে। এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এর কিছুক্ষণ আগে অর্থাৎ সকাল ৬টা ৫২ মিনিটে কর্ণাটকের বিজয়াপুরায় ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৪০-৪৫ কিলোমিটার ব্যাসার্ধেও এই কম্পন অনুভূত হয়।
এদিন সকাল ৯টায় গুজরাটের রাজকোটে ৩.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ২০ কিলোমিটার। অন্য দুটি ভূমিকম্পের চেয়ে এর মাত্রা বেশিও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে মেঘালয়ের রাজধানী শিলংয়ে সকাল ৮টা ৪৬ মিনিটে ৩.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ১৪ কিলোমিটার। ভারতের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পুরো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
ভারতের বিভিন্ন অংশে প্রায় একই সময় এ ধরনের ভূমিকম্প আঘাত হানায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঠিক কী কারণে ভিন্ন ভিন্ন জায়গায় স্বল্প মাত্রার এই ভূমিকম্প হয়েছে, তা স্পষ্ট জানে না কর্তৃপক্ষ। তাই তারা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়েছে।
এইউ