দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুম্বাই বিমানবন্দরে অবতরণের সময় ভেঙে পড়ল একটি যাত্রীবাহী প্রাইভেট জেট। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন যাত্রী। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন। তবে এতে কারও প্রাণহানি হয়নি।
প্রাথমিকভাবে জানা গেছে, প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা একেবারে কমে গিয়েছিল। সেই সময়েই অবতরণ করতে গিয়ে বিমানটি ভেঙে পড়ে।
প্রতিবেদন অনুযায়ী, বিশাখাপত্তনম থেকে মুম্বাই উড়ে এসেছিল প্রাইভেট জেটটি। ছয়জন যাত্রী ছাড়াও ওই বিমানে ছিলেন দুজন কর্মী। বিমানবন্দরের ২৭ নম্বর রানওয়েতে নামার কথা ছিল প্রাইভেট জেটের। কিন্তু প্রবল বৃষ্টির কারণে বিমানবন্দর এলাকার কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল না। মাত্র ৭০০ মিটার দৃশ্যমানতার মধ্যেই অবতরণ করার চেষ্টা করে এটি। তখনই বিপত্তি ঘটে। বৃষ্টিতে ভেজা রানওয়ের উপরে ভেঙে পড়ে বিমানটি। গোটা এলাকায় আগুন ধরে যায়।
বিমানবন্দরের কর্মীদের তৎপরতায় সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু হয়। আগুন নিভিয়ে জেটের যাত্রীদের বের করে আনা হয়। তবে গুরুতর আহত অবস্থায় বিমানের তিনজন যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়।
বিমানবন্দর সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, সাময়িকভাবে বিমানের ওঠানামা স্থগিত রাখা হয়েছিল। মুম্বাই বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও গোয়াতে ঘুরিয়ে দেওয়া হয় দেরাদুন থেকে আগত একটি বিমান। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত।
এদিকে বিমান ভেঙে পড়ার মুহূর্তের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যাচ্ছে, সজোরে রানওয়েতে আছড়ে পড়েছে প্রাইভেট জেটটি। মাটিতে পড়ে বেশ খানিকটা ঘষা খেয়ে আগুন ধরে যায় বিমানে।
ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল লিয়ারজেট ৪৫ মডেলের।
আরএসও