দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড, ইয়েমেনে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়া এবং সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দক্ষিণাঞ্চলে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার মতো ঘটনাও তেলের দাম বাড়াতে পারেনি। বরং সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় গত এক মাসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে প্রায় ১৪ শতাংশ।
শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৬২ ডলারে দাঁড়িয়েছে। এক মাসের ব্যবধানে এ দরপতন আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।
যদিও মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে, তবু সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বাজারে দামের ওপর ঊর্ধ্বমুখী চাপ কমেছে। তবে হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখনও কাটেনি।
শুক্রবার যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকেএমটিও (ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস) প্রণালিটির নিরাপত্তাঝুঁকিকে ‘তীব্র’ বা ‘সিভিয়ার’ পর্যায়ে শ্রেণিবদ্ধ করেছে। সংস্থাটির মূল্যায়নে, সেখানে আরও হামলার আশঙ্কা রয়েছে।
অনিশ্চয়তার মধ্যেও হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়নি। তবে এক বছর আগের তুলনায় এ পথে জ্বালানি পরিবহনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম। একই সঙ্গে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মতো বিকল্প পরিবহনপথ ব্যবহার করে তেল সরবরাহ অব্যাহত রাখা হচ্ছে। হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে সৌদি আরবের এই পাইপলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হয়।
ফলে এই প্রণালিতে যেকোনও ধরনের সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। তবে বিকল্প পরিবহনপথের ব্যবহার এবং সরবরাহ অব্যাহত থাকায় সাম্প্রতিক অস্থিরতার মধ্যেও তেলের দাম নতুন করে ঊর্ধ্বমুখী হয়নি।
তবে বর্তমান দরপতনকে জ্বালানি বাজারের পুরোপুরি স্বস্তি হিসেবে দেখার সুযোগ নেই। কারণ, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর আগে গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৬৭ ডলার। সেই তুলনায় শুক্রবারের ৮৩ দশমিক ৬২ ডলারের দাম এখনও উল্লেখযোগ্যভাবে বেশি। তথ্যসূত্র: আল-জাজিরা
এমকে