দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ কোরিয়ায় জাতীয় পর্যায়ের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনুমোদনহীন স্মার্ট ডিভাইস ব্যবহারের অভিযোগে ১১১ পরীক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা বেড়ে যাওয়ায় নতুন নিরাপত্তাব্যবস্থা চালুর পর এ ঘটনা ঘটল।
শুক্রবার দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানায়, পরীক্ষার হলে স্মার্ট ডিভাইস ব্যবহার করতে গিয়ে পাঁচ পরীক্ষার্থী হাতেনাতে ধরা পড়েছেন।
এ সপ্তাহে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’-এ প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী অংশ নেন। সাম্প্রতিক সময়ে একাধিক আলোচিত জালিয়াতির ঘটনার কারণে এবার বাড়তি সতর্কতা নেওয়া হয়।
পরীক্ষার আগে জালিয়াতি ঠেকাতে বেশ কিছু জরুরি পদক্ষেপের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এর মধ্যে ছিল পরীক্ষার হলে অনুমোদনহীন ডিভাইস শনাক্ত করতে দেশের প্রতিটি মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো।
শুক্রবার প্রধানমন্ত্রী লি জে মিয়ং এআই ব্যবহার করে জালিয়াতি ঠেকাতে পরীক্ষাব্যবস্থায় সংস্কারের আহ্বান জানান। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ায় পাবলিক পরীক্ষা সুযোগ ও সম্পদের বণ্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি সমাজের মৌলিক শৃঙ্খলা, ন্যায্যতা ও বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে এআই প্রযুক্তির সহায়তায় পরীক্ষায় অসদুপায় অবলম্বনের খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছিল। গত মাসে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এআই চশমা ব্যবহার করে জালিয়াতির অভিযোগে দুই পরীক্ষার্থী ধরা পড়েন। এ মাসের শুরুতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, চলতি বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের চার শিক্ষার্থী এআই চশমা ব্যবহার করে জালিয়াতির চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছেন।
তবে গত সপ্তাহান্তে এ উদ্বেগ আরও বেড়ে যায়। দেশটির সার্টিফায়েড ট্যাক্স অ্যাকাউন্ট্যান্সি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী স্বীকার করেন, তিনি ক্ষুদ্র ক্যামেরা, মোবাইল ফোন ও এআই টুল ব্যবহার করে জালিয়াতি করেছেন।
১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটিতে ভুল করে অস্বাভাবিক ভালো ফল করায় তাঁকে নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে ৩৪ বছর বয়সী হান ওন-সক রোববার প্রকাশিত এক ভিডিওতে বলেন, “আমি একটি ক্ষুদ্র ক্যামেরা দিয়ে পরীক্ষার প্রশ্নের ছবি তুলে এআইয়ের কাছে পাঠাতাম। এরপর জালিয়াতি করতে স্মার্টফোনে উত্তরগুলো যাচাই করতাম।”
সুনেউং পরীক্ষার কয়েক দিন আগে তাঁর স্বীকারোক্তির পর জাতীয় পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে শেষ মুহূর্তে নতুন ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।
এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টার মধ্যে তিনবার দেশজুড়ে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। এতে নীরব মোডে থাকা ফোনসহ দেশের বিভিন্ন প্রান্তে মোবাইল ফোনগুলো একসঙ্গে বেজে ওঠে। এমনকি ডেটা রোমিং ব্যবহার করা পর্যটকদের ফোনেও সতর্কবার্তা পৌঁছায়। তবে ফোন বন্ধ বা এয়ারপ্লেন মোডে থাকলে সেগুলোতে সংকেত যায়নি।
পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে দক্ষিণ কোরিয়ার জাতীয় দুর্যোগ সতর্কতা ব্যবস্থা ব্যবহারের ঘটনা এটিই প্রথম।
এ ছাড়া গোপন ক্যামেরা লুকিয়ে রাখার সুযোগ বন্ধ করতে পরীক্ষার্থীদের শার্ট ও জ্যাকেটের বোতাম ঢেকে রাখতে বলা হয়। চশমাও পরীক্ষা করেন কর্মকর্তারা।
এসব কড়াকড়িতে সৎ পরীক্ষার্থীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়। পরীক্ষার আগে এক শিক্ষার্থী কোরিয়া টাইমসকে বলেন, তাঁর মোটা ফ্রেমের চশমাকে স্মার্ট চশমা মনে করা হতে পারে বলে তিনি চিন্তিত। আরেক শিক্ষার্থী ইয়োনহাপকে জানান, সাধারণত চশমা পরলেও সন্দেহ এড়াতে তিনি পরীক্ষার দিন কনট্যাক্ট লেন্স ব্যবহার করেছেন।
প্রতি বছর নভেম্বর মাসে অনুষ্ঠিত সুনেউং পরীক্ষা টানা প্রায় আট ঘণ্টার দীর্ঘ পরীক্ষা। এতে কোরীয় ভাষা, গণিত, ইংরেজি, সামাজিক ও প্রাকৃতিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে প্রায় ২০০টি প্রশ্নের উত্তর দিতে হয় শিক্ষার্থীদের।
পরীক্ষা নির্বিঘ্ন করতে এদিন দেশজুড়ে প্রায় সব কার্যক্রম স্থগিত রাখা হয়। নির্মাণকাজ বন্ধ থাকে, উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ করা হয় এবং সামরিক প্রশিক্ষণও স্থগিত রাখা হয়।
সূত্র: বিবিসি
এমএস/