দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত এ পর্যন্ত ৪ লাখ ৫০ হাজারেরও বেশি রুশ সেনা নিহত হয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা ‘রসস্ট্যাট’ হ্যাক করে প্রাপ্ত একটি ডেটাবেজ থেকে এ তথ্য জানা গেছে। খবর এল পাইসের।
তথ্য-উপাত্তগুলো যুদ্ধের শুরু থেকে চলতি বছরের ২৮ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে নথিভুক্ত করা হয়েছে। ফলে মোট নিহতের সংখ্যার সঙ্গে নিখোঁজ ব্যক্তি এবং যাদের মৃত্যুসনদ এখনও প্রক্রিয়াধীন রয়েছে, তাদের সংখ্যাও পরে যুক্ত হবে।
গত সপ্তাহে ফাঁস হওয়া এই ডেটাবেজটি স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস, ব্লুমবার্গ, মিডিয়াজোনা ও মেডুজাসহ বেশ কয়েকটি সংবাদসংস্থা এবং ইয়ানিস ক্লুজের মতো স্বাধীন বিশেষজ্ঞরা যাচাই করে দেখেছেন। আদালতের নথিসহ অন্যান্য উন্মুক্ত উৎসের তথ্যের সঙ্গে মৃত্যুসনদের তথ্য মিলিয়ে দেখা হয়েছে। এগুলো জালিয়াতি বা কৃত্রিমভাবে বাড়িয়ে দেখানোর কোনও আলামত পাওয়া যায়নি।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হতাহতের সুনির্দিষ্ট কোনও তথ্য দেয়নি রাশিয়া। তবে সাম্প্রতিক এই হ্যাকের মাধ্যমে প্রথমবার রাশিয়ার সরকারি কোনও সূত্রে হতাহতের তথ্য পাওয়া গেল।
এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং রুশ সংবাদমাধ্যম মিডিয়াজোনা যুদ্ধ শুরুর পর থেকে নিহত যোদ্ধাদের একটি তালিকা তৈরি করে আসছে। তারা উন্মুক্ত উৎস থেকে ২ লাখ ৮৫ হাজার ৮৮১ জনের মৃত্যুর বিষয়টি শনাক্ত করেছিল। তবে রাশিয়ার উত্তরাধিকার সংক্রান্ত নথিপত্র বিশ্লেষণ করে ধারণা করা হয়েছিল, ২০২৫ সালের শেষ নাগাদ মোট নিহতের সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ছাড়িয়ে গেছে।
সামরিক বিশ্লেষক ইয়ানিস ক্লুজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘এখানে নিহতের সংখ্যাটি নতুন কিছু নয়, বরং অন্যান্য পদ্ধতির সম্ভাব্য যাচাইকরণ এবং তথ্যের সরাসরি উৎসই এই ফাঁসের ঘটনাকে বিশেষ করে তুলেছে। আমি রাশিয়ার আদালতের কিছু নথির তথ্যের সঙ্গে এটি মিলিয়ে দেখেছি এবং আদালতের নথিতে থাকা ব্যক্তিরা এই ডেটাবেজেও রয়েছেন। এটি ভুয়া তথ্য হওয়ার সম্ভাবনা কম।’
তথ্য চুরি করা দুটি হ্যাকার গোষ্ঠী ‘কাইবারপার্টিজানি বিওয়াই’ এবং ‘সাইলেন্ট ক্রো’ জানিয়েছে, ‘এই মৃত্যুর হিসাবগুলো কেবল রাশিয়ার বেসামরিক নিবন্ধন কার্যালয়গুলোতে আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হওয়া তথ্য।’ এই গোষ্ঠী দুটি যথাক্রমে বেলারুশের বিরোধী দল এবং ইউক্রেনপন্থি হিসেবে পরিচিত। তারা মূলত রুশ নেটওয়ার্কে সাইবার হামলা চালিয়ে থাকে। গত বছর রাশিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা অ্যারোফ্লটের সিস্টেম অচল করে দেওয়ার পেছনেও তাদের হাত ছিল।
প্রায় পাঁচ বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেন তাদের নিহত সেনাদের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি। যদিও তারা প্রায় ৯০ হাজার নিখোঁজ সেনার তথ্য দিয়েছে। তবে ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ অনুমান অনুযায়ী, এই যুদ্ধে ১ লাখ ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার ইউক্রেনীয় নিহত হয়েছেন।
কে