দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরব ভ্রমণে আগ্রহীদের জন্য খুলছে নতুন সুযোগ। ভিসার আবেদন করতে আর দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না চার দেশের নাগরিকদের।
মেক্সিকো, সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং উত্তর মেসিডোনিয়ার নাগরিকেরা এখন অনলাইনে তাৎক্ষণিক ই-ভিসা নিতে পারবেন। চাইলে সৌদি আরবে পৌঁছেও ভিসা পাওয়ার সুযোগ থাকবে।
গত শনিবার (৭ নভেম্বর) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে এ ঘোষণা দেয়। নতুন নিয়মে চার দেশের নাগরিকেরা অনলাইনে একাধিকবার সৌদি আরবে প্রবেশের অনুমতিসহ পর্যটন ভিসার আবেদন করতে পারবেন।
এছাড়া, দেশটির যে কোনো প্রবেশপথে পৌঁছেও ভিসা নেওয়ার সুযোগ থাকবে।
নতুন এ ভিসা নিয়ে সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করতে পারবেন দর্শনার্থীরা। পাশাপাশি, বিভিন্ন অনুষ্ঠান, প্রদর্শনী ও সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। দেশটিতে বসবাসরত স্বজন ও বন্ধুদের সঙ্গেও দেখা করতে পারবেন তারা।
নতুন এ সুবিধা দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি, বিমান চলাচল ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াবে বলে মনে করেন সৌদি আরবে মেক্সিকোর চার্জ দ্য অ্যাফেয়ার্স গিয়েরমো গুতিয়েরেজ।
একই সঙ্গে, ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় দুই দেশের সাধারণ মানুষের মধ্যে যোগাযোগও বাড়বে বলে মনে করেন তিনি।
অন্যদিকে, সৌদি আরবে সার্বিয়ার রাষ্ট্রদূত দ্রাগান বিসেনিচ নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এর ফলে সার্বিয়ার নাগরিকদের সৌদি আরবে ভ্রমণ ও ওমরাহ পালনের প্রক্রিয়া সহজ হবে।
পাশাপাশি, দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে।
তবে, নতুন ভিসার ক্ষেত্রে কিছু বিধিনিষেধও রয়েছে। ভিসায় উল্লেখ করা মেয়াদের মধ্যেই দর্শনার্থীদের সৌদি আরব ছাড়তে হবে। মেয়াদ শেষ হওয়ার আগে ভিসা নবায়নের সুযোগ থাকবে না।
একাধিকবার প্রবেশের ভিসার ক্ষেত্রে সৌদি আরবে অবস্থানের সময় প্রতিবারের হিসাবে অথবা সব মিলিয়ে গণনা করা হবে।
এছাড়া, এ ভিসা নিয়ে বেতন বা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা যাবে না। ওমরাহ পালনের অনুমতি থাকলেও হজের নির্ধারিত মৌসুমে এ ভিসায় ওমরাহ পালন করা যাবে না বলে জানানো হয়। সূত্র: আরব নিউজ
কে