দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিল অনুমোদন করেছে তুরস্কের পার্লামেন্ট।
শুক্রবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে বিলটির পক্ষে ২৭৯ জন সংসদ সদস্য ভোট দেন। তবে ১১৯ জন ভোটদানে বিরত থাকেন।
সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ক্ষমতাসীন একে পার্টি ও তাদের জোটের সংসদ সদস্যরা বিলটির পক্ষে ভোট দেন। বিরোধী দলের সদস্যরাও এতে সমর্থন জানান।
আগামী সপ্তাহে প্রেসিডেন্ট এরদোয়ান বিলটি গেজেট আকারে প্রকাশ করবেন। এরপর থেকেই এটি কার্যকর হবে।
চুক্তি অনুযায়ী, তিন দেশের কোনো একটি সশস্ত্র হামলার শিকার হলে অন্য দেশগুলো সহায়তায় এগিয়ে আসবে।
গত আগস্টে পবিত্র নগরী মক্কায় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সশরীরে উপস্থিত থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।
তুরস্কের পার্লামেন্টে বিলটি অনুমোদনের ঘটনা এমন সময়ে ঘটল, যখন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার মুখে রয়েছে সৌদি আরব।
চুক্তির আওতায় সৌদি আরবের নিরাপত্তায় তুরস্কের সেনা মোতায়েনের পথ খুলতে পারে। তবে তারা সরাসরি ইয়েমেনে স্থল অভিযানে অংশ না নিয়ে সৌদি ভূখণ্ডের প্রতিরক্ষায় নিয়োজিত থাকতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই