দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ডলারের দরপতন এবং দেশটির মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর বুধবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে ৪ হাজার ৪১ ডলার ৭৭ সেন্টে দাঁড়িয়েছে। এতে গত ২৯ অক্টোবরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে মূল্যবান এই ধাতুর দাম। অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য বেড়েছে ২ দশমিক ৮ শতাংশ। প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৫১ ডলার ৭০ সেন্টে।
রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদ—উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ায় দেশটির ডলারের দর কমেছে। একই সঙ্গে দেশটির আর্থিক পরিস্থিতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে সম্ভাব্য কঠোর নিয়ন্ত্রণ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে।
ডলারের দাম কমলে অন্য মুদ্রার ক্রেতাদের জন্য ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ কেনা তুলনামূলক সস্তা হয়। এতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা বাড়ে এবং দামেও ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়।
তবে স্বর্ণের দামে আরও বড় উত্থানের ক্ষেত্রে কিছুটা বাধা থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। মূল্যস্ফীতির চাপের কারণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর অবস্থানে থাকতে পারে। বাজারে বর্তমানে ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৮২ শতাংশ বলে ধারণা করা হচ্ছে। সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ ধরে রাখার আকর্ষণ কমে যায়।
এদিকে, বিনিয়োগকারীরা শুক্রবার প্রকাশিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানসংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন বা নন-ফার্ম পে-রোলসের তথ্যের দিকে তাকিয়ে আছেন। এই তথ্য ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ সুদের হার নির্ধারণের সিদ্ধান্ত সম্পর্কে নতুন ধারণা দিতে পারে।
ভূরাজনৈতিক পরিস্থিতিও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে এখনো কোনো সমঝোতা হয়নি। ফলে আন্তর্জাতিক অস্থিরতার আশঙ্কাও স্বর্ণের মতো নিরাপদ সম্পদের চাহিদা বাড়াতে ভূমিকা রাখছে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। বুধবার স্পট মার্কেটে রুপার দাম ৪ দশমিক ৫ শতাংশ, প্লাটিনামের দাম ৩ দশমিক ১ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ৬ দশমিক ৩ শতাংশ বেড়েছে। তথ্যসূত্র: রয়টার্স
এমজে