দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মধ্য আমেরিকার দেশ পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, ধসে পড়েছে একটি গির্জার অংশ ও একটি হোটেল। ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভূমিকম্পের প্রভাবে প্রায় ৪৬ লাখ মানুষ মাঝারি থেকে তীব্র কম্পন অনুভব করেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।
স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টার কিছু আগে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল পানামার দক্ষিণ-মধ্যাঞ্চলের পিতালোজা আরিবা শহরের প্রায় ১০ কিলোমিটার দূরে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১২ কিলোমিটার। সাধারণত ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের যত কাছাকাছি হয়, ভূপৃষ্ঠে এর ক্ষয়ক্ষতির আশঙ্কা তত বেশি থাকে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির প্রভাব বিস্তৃত এলাকায় পড়ার আশঙ্কা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে পেনোনোমে ও সোনাসহ কয়েকটি শহরে ভবন ধসে পড়ার দৃশ্য দেখা গেছে। একটি ভিডিওতে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা জানতে এক ব্যক্তিকে ডাকাডাকি করতে দেখা যায়।
যাচাই করা ভিডিওতে পেনোনোমের একটি গির্জার এক পাশ ও এর একটি চূড়া ধসে পড়তে দেখা গেছে। অন্য একটি ভিডিওতে স্থানীয় একটি হোটেল প্রায় পুরোপুরি ধসে পড়ার চিত্র উঠে এসেছে।
দেশটির দক্ষিণাঞ্চলীয় হেরেরা প্রদেশের বাসিন্দা রিকার্ডো ব্রাউন জানান, তার এলাকার লাস মিনাসে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭৪ বছর বয়সী ব্রাউন বলেন, ‘আমরা আতঙ্কিত। এখানে আমরা দুজন বয়স্ক মানুষ থাকি। বাড়িতে ফাটল ধরেছে। ভয় হচ্ছে, এটি আমাদের ওপর ভেঙে পড়তে পারে।’
ভূমিকম্পের পর বেশ কয়েকটি শক্তিশালী পরাঘাতের খবর পাওয়া গেছে। এতে উদ্ধার তৎপরতা ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে রাজধানী পানামা সিটির বিভিন্ন ভবন থেকেও লোকজনকে সরিয়ে নেওয়া হয়। কম্পন থামার আগপর্যন্ত অনেকে রাস্তায় অবস্থান করেন কিংবা কাছাকাছি পার্কে আশ্রয় নেন। রাজধানীতে ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক কম বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেখানে মূলত ছাদ থেকে ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো জানিয়েছেন, ভূমিকম্প মোকাবিলায় তার সরকারের সব বিভাগকে সক্রিয় করা হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, ‘এই ঘটনাকে আতঙ্ক বা বিশৃঙ্খলা সৃষ্টির কাজে ব্যবহার করা উচিত নয়।’
ভূমিকম্পের পর প্রাথমিকভাবে পানামার প্রতিবেশী ১১টি দেশের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। পরে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা জানায়, সুনামির কোনো আশঙ্কা নেই।
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ পানামা খালও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়নি। খালটির নৌ চলাচল তদারককারী কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় জাতীয় পর্যায়ের একটি উচ্ছেদ মহড়া আয়োজনের কথা ছিল পানামার। ভূমিকম্পের মাত্র তিন দিন পরই মহড়াটি হওয়ার কথা রয়েছে। এর আগে চলতি বছর কলম্বিয়া ও ভেনেজুয়েলায়ও ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল।
/অ