দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌরজগতের বাইরে থাকা কোনো গ্রহ থেকে প্রথমবারের মতো সরাসরি রেডিও সংকেত শনাক্ত করার দাবি করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তবে এই সংকেত বুদ্ধিমান প্রাণীর অস্তিত্বের প্রমাণ নয়; বরং এটি ওই গ্রহের অত্যন্ত শক্তিশালী চৌম্বকক্ষেত্রের অস্তিত্বের ইঙ্গিত দিচ্ছে।
নতুন এক গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন, বারবার আসা রেডিও তরঙ্গের উৎস হিসেবে তাঁরা শনাক্ত করেছেন এক্সোপ্ল্যানেট বেটা পিক্টোরিস বি-কে। পৃথিবী থেকে প্রায় ৬৩ আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্যাসীয় গ্রহটির ভর বৃহস্পতির প্রায় ১২ গুণ। এটি একটি তরুণ নক্ষত্রকে প্রদক্ষিণ করছে, যার ভর সূর্যের প্রায় ১ দশমিক ৭৫ গুণ।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক ও গবেষণার সহলেখক এডো বার্গার বলেন, রেডিও সংকেত সাধারণত ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণীর সন্ধানের সঙ্গে যুক্ত করা হয়। তবে এই সংকেতের প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন।
গবেষকদের মতে, গ্রহটির চৌম্বকক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত প্রক্রিয়ায় এই রেডিও তরঙ্গ তৈরি হচ্ছে। পৃথিবীর উত্তর মেরুর মেরুজ্যোতির মতো অরোরা বা মেরুজ্যোতি সৃষ্টির সময় উচ্চশক্তির চার্জযুক্ত কণার গতিবিধি থেকেই এমন রেডিও নিঃসরণ হতে পারে।
বার্গার বলেন, তাঁরা যে কম্পাঙ্কে রেডিও তরঙ্গ শনাক্ত করেছেন, তা উৎপন্ন করতে অত্যন্ত শক্তিশালী চৌম্বকক্ষেত্র প্রয়োজন। তাঁদের হিসাব অনুযায়ী, বেটা পিক্টোরিস বি-এর চৌম্বকক্ষেত্র বৃহস্পতির চৌম্বকক্ষেত্রের তুলনায় অন্তত ২০০ গুণ শক্তিশালী।
বৃহস্পতির চৌম্বকক্ষেত্রও সৌরজগতের অন্যতম শক্তিশালী। এর প্রভাবে বিশাল ম্যাগনেটোস্ফিয়ার তৈরি হয়েছে এবং এর মেরু অঞ্চলে তীব্র অরোরা দেখা যায়। উচ্চশক্তির চার্জযুক্ত কণা চৌম্বকক্ষেত্রের মধ্যে ঘুরতে ঘুরতে অরোরার পাশাপাশি রেডিও তরঙ্গও তৈরি করে। জ্যোতির্বিজ্ঞানীরা এ ধরনের সংকেতকে অরোরাল রেডিও নিঃসরণ বলে থাকেন।
এর আগে বৃহস্পতি, শনি ও সূর্য ছাড়াও সৌরজগতের বাইরের কয়েকটি নক্ষত্র এবং বাদামি বামন থেকে এ ধরনের রেডিও নিঃসরণ শনাক্ত হয়েছে। তবে কোনো এক্সোপ্ল্যানেটের ক্ষেত্রে সংকেতটির উৎস যে সরাসরি গ্রহটি, তা নিশ্চিত করা যায়নি।
নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী জোসেফ কলিংহাম বলেন, আগের গবেষণাগুলোতে এক্সোপ্ল্যানেট থেকে রেডিও নিঃসরণের সম্ভাব্য ইঙ্গিত পাওয়া গেলেও সেগুলোর উৎস গ্রহ নাকি তার নক্ষত্র—তা নিশ্চিত করা সম্ভব হয়নি। নতুন গবেষণার বিশেষত্ব হলো, এবার সংকেতের উৎস গ্রহটি নিজেই বলে শনাক্ত করা হয়েছে।
বেটা পিক্টোরিস নক্ষত্রমণ্ডলীর বয়স প্রায় ২ কোটি ৩০ লাখ বছর। তুলনায় আমাদের সৌরজগতের বয়স প্রায় ৪৫০ কোটি বছর। বেটা পিক্টোরিস বি গ্রহটি ২০০৮ সালে আবিষ্কৃত হয়। পরে একই ব্যবস্থায় বেটা পিক্টোরিস সি ও ডি নামের আরও দুটি গ্রহ শনাক্ত করা হয়।
গবেষকরা দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ৬৪টি রেডিও টেলিস্কোপের সমন্বয়ে গঠিত MeerKAT ব্যবহার করে এই সংকেত শনাক্ত করেন। গবেষকদের মতে, একাধিক সময়ে এবং বিভিন্ন কম্পাঙ্কে সংকেতটি শনাক্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, সংকেতটি নক্ষত্র থেকে আসতে পারে। পরে পর্যবেক্ষণের মাধ্যমে সেটি গ্রহটির উৎস বলে চিহ্নিত করা হয়।
তবে গবেষণাটি এখনো পিয়ার রিভিউ বা সহকর্মী বিজ্ঞানীদের পর্যালোচনার মধ্য দিয়ে যাচ্ছে। ফলে ফলাফলটি চূড়ান্তভাবে নিশ্চিত হতে আরও সময় লাগবে। গবেষকরা বেটা পিক্টোরিস বি নিয়ে আরও পর্যবেক্ষণের জন্য টেলিস্কোপ ব্যবহারের সময় চেয়েছেন। গ্রহটির চৌম্বকক্ষেত্র এত শক্তিশালী হওয়ার কারণও এখন বিজ্ঞানীদের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে।
সূত্র: সিএনএন
এমএস/